(বাঁ দিকে) কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। মনোজকুমার আগরওয়াল (ডান দিকে)। —ফাইল চিত্র।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে আবার বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। জুডিশিয়াল অফিসারদের যে কোনও প্রশ্নের সেখানে উত্তর দেবে কমিশন। এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে যাবতীয় সমস্যা জানার জন্যই ওই বৈঠক বলে খবর। সোমবার বিকেল ৫টায় হাই কোর্টে আলোচনায় থাকবেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে।
সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির নথি যাচাই এবং তা নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের। হাই কোর্টই ঠিক করে দিয়েছে কারা এই দায়িত্ব পালন করবেন। বিধানসভা-ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিচারকদের। সোমবার থেকে তাঁরা এসআইআরের নথি যাচাইয়ের কাজ করছেন। ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাবে, কাদের নাম থাকবে— সেই সংক্রান্ত সিদ্ধান্ত যাবতীয় নথি ‘বিচার’ করে দেখবেন বিচারকেরা। বস্তুত, সোমবার থেকে বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজে ভোটারদের নথি যাচাই করবেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারকেরা। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫০ লক্ষের কাছাকাছি ভোটারের তথ্য যাচাই এবং নিষ্পত্তির কাজ বাকি রয়েছে। সেগুলোই করবেন বিচারকেরা। ২১ ফেব্রুয়ারি ওই কাজের জন্য প্রাথমিক ভাবে ২৪০ জন বিচারককে নিয়োগ করেছে হাই কোর্ট।
উল্লেখ্য, কমিশন যাচাই এবং নিষ্পত্তি না-হওয়া ৫০ লক্ষ ভোটারের তালিকা জেলা এবং বিধানসভা অনুযায়ী দেয়নি বলে অভিযোগ। এ বিষয়গুলি নিয়ে জট তৈরি হয়েছে। সোমবারের বৈঠকে ওই বিষয়গুলি উঠে আসতে পারে।
এর আগে রবিবার ভার্চুয়াল বৈঠক হয়েছে। কী কী কাজ করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশমতো কোন কোন নথি যাচাই করতে হবে— দায়িত্বপ্রাপ্ত বিচারকদের এই সব নানা কিছু বুঝিয়ে দেওয়া হয় সেখানে। অন্য দিকে, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা হচ্ছে কি না, তা নজরদারির জন্য প্রতিটি জেলায় একটি কমিটি গঠন করেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি পাল। ওই কমিটিতে রাখা হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলা বিচারক, জেলাশাসক এবং পুলিশ সুপারকে। প্রধান বিচারপতি জানিয়েছেন, প্রতিটি জেলায় এই কমিটি গঠন হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথ ভাবে পালন করার বিষয়টি তারা নিশ্চিত করবে।