Acid Victims Survivors

অ্যাসিড আক্রান্তদের হাতের কাজ মিলবে রেলের স্টলে

অ্যাসিড হামলার শিকার মহিলাদের বিভিন্ন আইনি সাহায্য দেওয়া ছাড়াও সামাজিক পুনর্বাসনের কাজের সঙ্গে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই উদ্যোগের পিছনে রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১১:১৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় অ্যাসিড আক্রান্ত মহিলাদের সংখ্যা এ রাজ্যের অন্যান্য জেলার তুলনায় বেশি। অ্যাসিড আক্রমণের ঘটনা রুখতে এবং এ নিয়ে জনমানসে সচেতনতা বাড়াতে এ বার এগিয়ে এল রেল। শিয়ালদহ স্টেশনে রেলের উদ্যোগে নির্মিত ‘এক স্টেশন এক পণ্য’ ব্যবস্থার আওতায় যে সব স্টলরয়েছে, সেখানে অ্যাসিড আক্রান্ত মেয়েেদের তৈরি বিভিন্ন হাতেরকাজের সামগ্রী বিক্রি করার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনার উপস্থিতিতে ওই উদ্যোগের সূচনা হয়।

অ্যাসিড হামলার শিকার মহিলাদের বিভিন্ন আইনি সাহায্য দেওয়া ছাড়াও সামাজিক পুনর্বাসনের কাজের সঙ্গে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই উদ্যোগের পিছনে রয়েছে। সেখানে মহিলাদের সমাজের মূল স্রোতে ফেরাতে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। ওই সংস্থার উদ্যোগে সম্পূর্ণ মহিলা পরিচালিত ক্যাফে ভারতের একাধিক শহরে চালু রয়েছে। শীঘ্রই কলকাতায় ওইসংস্থার পক্ষ থেকে ওইরকম ক্যাফে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জেলার প্রশাসন, সরকারি হাসপাতাল ছাড়াও সংস্থার নিজস্ব কর্মীদের মাধ্যমে অ্যাসিড আক্রান্তদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাঁদের সাহায্যের উদ্যোগ নেওয়া হয় ওই সংস্থার পক্ষ থেকে। কলকাতায় গড়িয়া স্টেশন রোডের কাছে ওই সংস্থার পুনর্বাসন কেন্দ্র রয়েছে।

এ দিনের অনুষ্ঠানে রাজারহাটের রিঙ্কু দাস নিজের অভিজ্ঞতার কথা জানান। অ্যাসিড হামলার শিকার রিঙ্কু একক মা হিসাবে তাঁর ছেলে-মেয়েকে বড় করে তুলেছেন। ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অবন্তিকা সিংহ বলেন, ‘‘প্রায়ই গার্হস্থ্য হিংসার ঘটনার আড়ালে চাপা পড়ে যায় এই ধরণের লিঙ্গ-হিংসার ঘটনা। এ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই নতুন উদ্যোগ। এ ক্ষেত্রে রেল এগিয়ে আসায় বহু মানুষ এ নিয়ে সচেতন হতে পারবেন।’’

আরও পড়ুন