প্ল্যাটফর্মের ভিতর-বাইরে থিকথিকে ভিড়। ছবি: শোভন চক্রবর্তী।
আচমকা এবং কোনও ঘোষণা ছাড়াই ২০ মিনিটের বেশি সময় ধরে বন্ধ হাওড়া মেট্রো স্টেশনের গেট। মঙ্গলবার দুপুরে যাত্রীভোগান্তি ব্যস্ত স্টেশনটিতে। প্রায় ২৫ মিনিট পরে মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করলেন, ট্রেন ছাড়তে বিলম্ব হবে!
হাওড়া মেট্রো স্টেশন থেকে প্ল্যাটফর্মে ঢোকার সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। তখনও কোনও ঘোষণা করা হয়নি। কেন এবং কী কারণ, বলা হয়নি। অন্য দিকে, অফিসযাত্রী থেকে বিভিন্ন পেশার মানুষের ভিড় বাড়তে থাকে। এর মধ্যে কানাঘুষো শোনা যায়, মহাকরণ স্টেশনে আগুন লেগেছে। সে জন্য মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেছে। তার কিছু ক্ষণের মধ্যে হাওড়া মেট্রো স্টেশন থেকে ঘোষণা করা হয়, নতুন করে কেউ যেন টিকিট না কাটেন। অন্য দিকে, যাঁরা মেট্রো কার্ড ব্যবহার করেন, তাঁরা প্ল্যাটফর্মের দিকে পৌঁছোন। থিকথিকে ভিড় জমে যায়।
দুপুর ১২টা ৩৯ মিনিটে ঘোষণা করা হয়, একটি ট্রেন মহাকরণ ছেড়ে হাওড়া ময়দান যাচ্ছে। সেটি ঘুরে ‘আপ’ হয়ে সেক্টর ফাইভের দিকে যাবে। ফলে প্রায় ১টা বেজে যাবে ট্রেন ঢুকতে।
শেষমেশ ১২টা ৫১ মিনিটে একটি ট্রেন ঢোকে হাওড়া মেট্রো স্টেশনে। কিন্তু আবার মেট্রোর গেট বন্ধ করে দেওয়া হয়। ভিড় সামলানোর জন্য ওই ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে ব্যস্ত সময়ে নাকাল হতে হয় মেট্রোর যাত্রীদের। সমস্যা নিয়ে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, কেন ট্রেন বন্ধ হল, সে নিয়ে তদন্ত হচ্ছে। তা ছাড়া ১২টা ৩৭ মিনিট থেকে গ্রিন লাইনে পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে বলে দাবি তাঁদের।