Kolkata Metro Service Disrupted

রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা! এক ঘণ্টার বেশি টালিগঞ্জ এবং ময়দানের মধ্যে পরিষেবা বন্ধ রইল

সোমবার বিকেলে কলকাতা মেট্রো ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। লাইনে ঝাঁপ দেওয়ায় মেট্রো চলাচল থমকে যায়। এই ঘটনার জেরে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৬:৪৩
Metro service disrupted on Sunday evening

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। সোমবার বিকেলে কলকাতা মেট্রো ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। লাইনে ঝাঁপ দেওয়ায় মেট্রো চলাচল থমকে যায়। এই ঘটনার জেরে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ।

Advertisement

মেট্রো সূত্রে খবর, সোমবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে ডাউন লাইনে এক ব্যক্তি আচমকাই শহিদ ক্ষুদিরামগামী ট্রেনের সামনে ঝাঁপ দেন। দ্রুত মেট্রো থামিয়ে দেন চালক। উদ্ধারকাজের জন্য লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছোন মেট্রোকর্মীরা।

আত্মহত্যার চেষ্টার ঘটনায় সোমবার বিকেলে ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। ভাঙাপথে মেট্রো চলাচল করছে। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা পাওয়া যাচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, লাইন থেকে ওই যাত্রীকে উদ্ধার করে দ্রুত পুরোপথে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। পরিষেবা ব্যাহত হওয়ায় অগত্যা অনেক অফিসফেরত যাত্রী পাতালপথ ছেড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করছেন।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে হামেশাই আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। বার বার তার জন্য পরিষেবা ব্যাহত হয়। ব্লু লাইনের স্টেশনগুলিতে মেট্রোর লাইনের পাশে কোনও রকম পাঁচিল নেই। ফলে লাইন অসুরক্ষিত। পরবর্তী সময়ে কলকাতায় মেট্রোর যত নতুন রুট তৈরি হয়েছে, সর্বত্র পাঁচিল তৈরি করে লাইন সুরক্ষিত করা হয়েছে। কিন্তু প্রাচীনতম রুট হওয়ায় ব্লু লাইনে তা করা সম্ভব হয়নি। মেট্রোর নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন তুলে দিল সোমবারের ঘটনা।

Advertisement
আরও পড়ুন