Patuli Shootout case

পাটুলিতে খুনের ঘটনায় আটক এক, হামলার সময় ঘটনাস্থলে ছিলেন, আর কী কী তথ্য উঠে এল?

বুধবার মধ্যরাতে পাটুলি থানা এলাকার বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় রাহুল দে নামে এক যুবক খুন হন। বছর পঁয়ত্রিশের রাহুল গিয়েছিলেন জিৎ মুখোপাধ্যায় নামের এক জনের বাড়িতে। সেখানে চার জন ঢুকে গুলি চালান বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৯:২৬
One person detained in Patuli murder case

বুধবার মধ্যরাতে ফুলবাগান এলাকার এই বাড়িতেই খুন হন (ইনসেটে) রাহুল দে। —ফাইল চিত্র।

কলকাতার পাটুলিতে যুবক খুনের ঘটনায় এক জনকে আটক করল পুলিশ। আটক ওই যুবকের নাম আকাশ মণ্ডল ওরফে রাজু মুখিয়া। পুলিশ জানিয়েছে, হামলার দিন ঘটনাস্থলে ছিলেন আকাশও। তিনি চারু মার্কেটের বাসিন্দা। এই ঘটনায় জড়িত সন্দেহে আগেই গ্রেফতার হয়েছিলেন দীপ রায়, বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বণিক এবং জয়ন্ত ঘোষ।

Advertisement

প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে পাটুলি থানা এলাকার বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় রাহুল দে নামে এক যুবক খুন হন। বছর পঁয়ত্রিশের রাহুল গিয়েছিলেন জিৎ মুখোপাধ্যায় নামের এক জনের বাড়িতে। সেখানে চার জন ঢুকে গুলি চালান বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুলের। হাসপাতালে চিকিৎসাধীন জিৎ। তাঁর বয়ানের ভিত্তিতে খুনের মামলা দায়ের হয়। ঘটনাস্থল থেকে ফাঁকা কার্তুজ, এক অভিযুক্তের পার্স, মদের বোতল, রেড বুলের ক‍্যান, জলের বোতল বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এবং অভিযোগকারী দু’পক্ষের সদস‍্যের বিরুদ্ধেই কলকাতার বিভিন্ন থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, জিৎ-এর বিরুদ্ধে ২০০৪ থেকে ২০২৫ সালের মধ‍্যে ন’টি অভিযোগ দায়ের হয়েছে। আনন্দপুর, পাটুলি এবং নেতাজি নগর থানায় সেই অভিযোগ জমা পড়েছে। মারধর, চুরি ছাড়াও অস্ত্র আইনে মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, নিহত যুবক রাহুলের বিরুদ্ধেও অস্ত্র আইনে মামলা রয়েছে। এ ছাড়াও এই ঘটনায় ধৃত রাজার নামেই দু’টি মামলা রয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজার সঙ্গে দিন কয়েক আগে জিৎ-এর গন্ডগোল হয়েছিল। একই রকম ভাবে আরও এক অভিযুক্ত জয়ন্তের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন জিৎ।

Advertisement
আরও পড়ুন