ভিক্টোরিয়া হাউসের সামনে কুণাল ঘোষ, দোলা সেনরা। — ফাইল চিত্র।
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সাংসদ দোলা সেন, নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হল। অভিযোগ, একুশে জুলাইয়ের মঞ্চের জন্য যখন বেন্টিঙ্ক স্ট্রিটে মাপজোক করছিলেন তাঁরা, তখন যান চলাচল বাধাপ্রাপ্ত হয়। পথচারীদের চলাচলেও সমস্যা তৈরি হয়। সেই ঘটনায় পুলিশের অভিযোগের ভিত্তিতে সোমবার এফআইআর দায়ের হল। তিন জনকে তলব করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
এফআইআরে উল্লেখ, রবিবার দুপুর ২টো ৫০ মিনিট থেকে বিকেল ৪টের মধ্যে বেন্টিঙ্ক স্ট্রিটে ভিক্টোরিয়া হাউসের সামনে জড়ো হন কুণালেরা। সেখানে মঞ্চ তৈরির জন্য ফিতে হাতে মাপজোক করেন তাঁরা। অভিযোগ, সে সময় ওই এলাকায় দিয়ে যান চলাচল ব্যাহত হয়।
২০১৮ সালের একটি মামলার জেরে ইতিমধ্যেই আদালতের নির্দেশ অমান্য করে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য তৃণমূল কংগ্রেসকে নোটিস দিয়েছে কলকাতা হাইকোর্ট।
ভোটের ফল ঘোষণার পরে তৃণমূল ভেঙে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই অবস্থায় চলতি বছর আদৌ ২১ জুলাই তাদের কর্মসূচি পালন হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল তৃণমূলের অন্দরেই। সেই সংশয় দূর করে ধর্মতলায় নির্দিষ্ট জায়গাতেই জমায়েত করার নির্দেশ দেন মমতা। রাজ্যের বিরোধী পরিসরে থাকার সময় থেকেই ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালন করছে তৃণমূল। কুণালের উদ্যোগে উত্তর কলকাতায় যে কর্মসূচির আয়োজন করে তৃণমূল, সেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনের মাধ্যমে বলেন, ‘‘২১ জুলাই আশা করি অনুমতি পাব। আমরা একটা দিনই মিটিং করি। সে দিন বিস্তারিত বলব। পাঁচ জন কর্মী থাকলেও সেই মিটিংয়ে থাকব। আপনারা ওই দিন সমবেত হোন।’’
তার দু’দিন পরেই কলকাতা পুলিশের কাছে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চায় কালীঘাটপন্থী তৃণমূল। সেই আবহে গত রবিবার এলাকা মাপজোক করতে যান কুণালেরা। সেই ঘটনাকে কেন্দ্র করেই থানায় এফআইআর হল।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থীরা পৃথক ভাবে ২১ জুলাই শহিদ দিবস পালনের ঘোষণা করেছেন। সেই গোষ্ঠীর নেতা আখরুজ্জমান জানান, মমতা সিনেমা এবং টিভির অভিনেতা অভিনেত্রীদের সামনে এনে ২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে পিছনে রেখে তাঁদের অপমান করতেন। এ বার তাঁরা শহিদ সমাবেশ করে প্রকৃত শহিদদের সম্মান জানাবেন। সূত্রের খবর, তাঁরাও ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে চান। শেষ পর্যন্ত কলকাতা পুলিশ ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি কাকে দেবে, সেই প্রশ্ন ওঠে। তার মধ্যে এ বার পুলিশই স্বতপ্রবৃত্ত হয়ে কুণালদের বিরুদ্ধে এফআইআর করল।