West Bengal Weather Update

তাপমাত্রা আরও কমল কলকাতায়, উত্তরে ঘন কুয়াশার সতর্কতা, দক্ষিণে কোথায় কেমন ঠান্ডা, কী পূর্বাভাস

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তার চেয়েও সামান্য নেমেছে পারদ। দক্ষিণবঙ্গের সর্বত্র পারদপতন হয়েছে। রয়েছে শীতের আমেজ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০১
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমেছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমেছে। —ফাইল চিত্র।

দক্ষিণবঙ্গে গত দু’দিনে ফের তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হয়েছে। সোমবারও কলকাতার তাপমাত্রা সামান্য কমল। পারদ রয়েছে স্বাভাবিকের নীচেই। তবে নতুন করে কনকনে ঠান্ডার আর কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

Advertisement

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা সামান্য কমে হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত। ঘন কুয়াশার সতর্কতা এখনও রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। এই চার জেলায় সকালের দিকে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নামতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমেছে। তবে কোথাও ১১ ডিগ্রির নীচে নামেনি পারদ। নদিয়ার কল্যাণীতে ১১ ডিগ্রি সেলসিয়াস, বীরভূমের সিউড়িতে ১১ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস, বসিরহাটে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমানে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পারদ। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, কালিম্পঙে ১১ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ১১.২ ডিগ্রি সেলসিয়াস এবং কোচবিহারে তাপমাত্রা নেমেছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াসে।

Advertisement
আরও পড়ুন