Advertisement
E-Paper

ফের স্বাভাবিকের নীচে নেমে গেল কলকাতার তাপমাত্রা! ঠান্ডা কি আবার বাড়তে পারে? কী পূর্বাভাস

দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সকালের দিকে থাকছে কুয়াশা এবং শীতের আমেজও। রবিবার আবার তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩
কলকাতায় ফের তাপমাত্রা নেমে গেল স্বাভাবিকের নীচে।

কলকাতায় ফের তাপমাত্রা নেমে গেল স্বাভাবিকের নীচে। —ফাইল চিত্র।

জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির প্রথম দিন। তবে তাপমাত্রা বেশ খানিকটা কমে গেল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। এক ধাক্কায় স্বাভাবিকের নীচেও নেমে গিয়েছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এখনও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশা থাকবে দক্ষিণেও। মাঘ শেষ হতে এখনও দেরি আছে। তবে কি ফের ঠান্ডা বাড়তে পারে? বিদায়বেলায় শীতের প্রত্যাবর্তন হবে?

তেমন কোনও সম্ভাবনা অবশ্য এখনই দেখতে পাচ্ছেন না আবহবিদেরা। তাপমাত্রা খানিকটা কমলেও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা আপাতত আর নেই। গত শুক্রবার কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে গিয়েছিল। শনিবার কিছুটা কমে তা হয়েছিল ১৬.২ ডিগ্রি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম। ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও কলকাতায় দিনভর আকাশ পরিষ্কার এবং মেঘমুক্তই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী অন্তত সাত দিন রাতের তাপমাত্রা একই রকম থাকবে।

West Bengal Weather Weather Update Weather Report Weather Today Weather Forecast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy