কোনও মানুষ যখন বিদেশে যান, তখন নানা বিষয়ের সঙ্গে মানিয়ে নিতে হয় তাঁকে। সেখানকার কর্মসংস্কৃতি, খাদ্যাভ্যাস, মানুষজন, পরিবেশ— এমন নানা কিছু। সম্প্রতি ডেনমার্কে বসবাসকারী এক প্রবাসী ভারতীয় প্রযুক্তিবিদ জানিয়েছেন এক অনন্য বিষয়ের কথা। একটি ভিডিয়োর মাধ্যমে ডেনমার্কে বাস করার এক বিশেষ দিক তুলে ধরেছেন তিনি। তা দেখে বিস্মিত হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।
আরও পড়ুন:
ভিডিয়োটিতে ওই ব্যক্তিকে বলতে দেখা গিয়েছে, তিনি ডেনমার্কে বাস করেন। তিনি যখন ভিডিয়োটি করেছেন, তখন সময় ছিল রাত ৯টা। নেটাগরিকদের নিশ্চিত করার জন্য নিজের ল্যাপটপের কাছে ক্যামেরা নিয়ে গিয়েও সময় দেখিয়ে দেন ওই প্রযুক্তিবিদ। এর পর ঘরের জানলার পর্দা সরান তিনি। দেখা যায়, চারপাশ আলোয় ভরে রয়েছে। বিকেলের পড়ন্ত রোদ যেন ছড়িয়ে আছে চারিদিকে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটির ক্যাপশনে ওই ব্যক্তি লিখেছেন, ডেনমার্কে রাত ৯টার দৃশ্য এটি। এর পর তিনি নেটাগরিকদের আশ্বস্ত করেছেন এই বলে যে তিনি যেমনটা কথা দিয়েছিলেন, সেই অনুযায়ী তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সফল হওয়ার বিষয়ে বিস্তারিত বিবরণ দেবেন তিনি। কাজের সূত্রে বিদেশে পাড়ি দেওয়ার বিষয়েও পরামর্শ দেওয়ার কথা বলেছেন ওই ব্যক্তি। প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য, বাস্তবসম্মত পরামর্শ এবং যে সব সাধারণ ভুল এড়িয়ে চলা উচিত— সে সব বিষয়ও আলোচনা করবেন বলে জানিয়েছেন ওই প্রযুক্তিবিদ।
আরও পড়ুন:
ইনস্টাগ্রামের ‘নিকবিশ্তভল্গস’ নামের হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পোস্ট করার পরে বহু বার তা দেখা হয়েছে। অনেকে শেয়ারও করেছেন সেই ভিডিয়ো। অজস্র মন্তব্য জমা পড়েছে। আকাশের সেই দৃশ্য দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “অস্ট্রেলিয়াতেও গ্রীষ্মকালে একই রকম দৃশ্য চোখে পড়ে।”