Advertisement
E-Paper

বিনা টিকিটে সফরের অভিযোগ, মধ্যরাতে প্রবল বৃষ্টিতে তরুণীকে ট্রেন থেকে নামিয়ে দিলেন টিকিট পরীক্ষক!

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বৃষ্টির রাতে এক তরুণীকে দূরপাল্লার ট্রেন থেকে নামিয়ে দেন এক টিকিট পরীক্ষক। অভিযোগ, ওই তরুণীর কাছে টিকিট ছিল না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১০:১২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিনা টিকিটে গণপরিবহণে ভ্রমণ অপরাধের মধ্যেই পড়ে। ট্রেনে সেই কাজ কেউ করছেন কি না, তা যাচাই করার জন্য থাকেন টিকিট পরীক্ষক। টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করলে জরিমানা তো বটেই, হাজতবাস অবধি হতে পারে। এ বিষয়ে কড়া পদক্ষেপ করে থাকেন টিকিট পরীক্ষকেরা। তবে সম্প্রতি এক টিকিট পরীক্ষক এমন এক কাজ করেছেন, তা নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। টিকিট না থাকায় বৃষ্টির রাতে এক তরুণীকে ট্রেন থেকে নামিয়ে দেন এক টিকিট পরীক্ষক।

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি দূরপাল্লার ট্রেনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তাঁর পরনে সাদা রঙের কুর্তি, কালো প্যান্ট। গলায় ওড়না। বৃষ্টির রাতে তাঁকে ট্রেন থেকে নেমে যেতে দেখা যায়। তবে বৃষ্টির তোড় দেখে তিনি আবার ট্রেনে উঠে পড়েন। তখন ওই টিকিট পরীক্ষক হাত উঁচিয়ে তাঁকে কিছু বলেন। তখন আবার ট্রেন থেকে নেমে যান ওই তরুণী। ঘটনাটি কোথাকার, তা ওই ভিডিয়ো থেকে জানা যায়নি। ট্রেনটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, সে বিষয়টিও অজানাই রয়েছে।

ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, ওই তরুণীর কাছে টিকিট না থাকাতেই এমন পদক্ষেপ করেন টিকিট পরীক্ষক। প্রবল বৃষ্টির রাত হওয়া সত্ত্বেও এমন কাজ করেন তিনি। তরুণীকে ট্রেন থেকে নেমে যেতে বাধ্য করেন তিনি। শেষ পর্যন্ত ওই তরুণী কী করেছেন, তা ওই ভিডিয়ো থেকে জানা যায়নি। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমাজমাধ্যমে। এক্সের (সাবেক টুইটার) ‘ঘরকেকলেশ’ নামের হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। আট লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। অনেকে শেয়ারও করেছেন। অজস্র মন্তব্যও জমা পড়েছে মন্তব্যবাক্সে। বেশির ভাগ মানুষের মতেই, তরুণীর নিরাপত্তার বিষয়টি ওই টিকিট পরীক্ষকের বিবেচনা করা উচিত ছিল। এক জন লিখেছেন, “আমি যত দূর জানি, রেলের নিয়ম অনুযায়ী, টিকিট না থাকলেও রাতে কোনও মহিলাকে ট্রেন থেকে নামানো যায় না। জরিমানা করা যেতে পারত।” আবার কারও মতে কর্তব্য পালন করছিলেন ওই টিকিট পরীক্ষক। তাঁকে সমর্থন করে মন্তব্য করা হয়েছে, “তিনি কেবল দায়িত্ব পালন করেছেন। সংরক্ষিত কোচ শুধুমাত্র উপযুক্ত টিকিট কাটা যাত্রীদের জন্যই।”

railway TTE
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy