জঙ্গলের আসল রাজা কে? সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি রোমহর্ষক ভিডিয়ো উস্কে দিয়েছে সেই প্রশ্নই। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর তীরে বসে থাকা একটি কুমিরকে একটি জাগুয়ার এমন ভাবে শিকার করেছে যে, তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর তীরে মৃত্যুর খেলা চলছে। নদীর পারে একটি পাথরের উপর আরামে রোদ পোহাচ্ছিল একটি কুমির। হঠাৎ নিঃশব্দে তার দিকে এগিয়ে আসে একটি জাগুয়ার। বুঝতে পেরে তড়িঘড়ি পালাতে যায় ‘জলের রাজা’। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কুমিরটির উপর ঝাঁপিয়ে পড়ে জাগুয়ারটি। তাকে কোনও সুযোগই দেয় না। জাগুয়ারের গতি এবং শক্তি এতটাই প্রবল যে কুমিরটি তার সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়। সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হল জলের নীচেও জাগুয়ারের সঙ্গে পেরে ওঠে না কুমির। কুমিরটিকে দাঁতে করে কামড়ে টেনে তীরে নিয়ে আসে সে। সরাসরি কুমিরের মাথা ও ঘাড়ে আঘাত করে। মেরে ফেলে কুমিরটিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জোয়াও মার্সেলো বিয়াগিনি’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে আবার জাগুয়ারের শক্তি ও শিকারের দক্ষতার প্রশংসা করছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আজ আমরা জানলাম জঙ্গলের আসল আতঙ্ক কে। জলে বাস করে কুমিরের সঙ্গে শত্রুতা না করার যে প্রবাদটি প্রচলিত আছে, আজ তা ভুল প্রমাণিত হল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘জাগুয়ারকে জঙ্গলের রাজা ঘোষণা করা হোক।’’