E-Paper

শ্রমবিধি চালু, বন্ধ চটকল ও চা বাগান খোলায় জোর

রাজ্য জুড়ে বন্ধ চা বাগান ও চটকলগুলি খোলাকেও অগ্রাধিকারের তালিকায় রেখেছেন মন্ত্রী। সোমবার বন্ধ থাকা ১৭টি চটকলের মালিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৯:১৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আগামী মাসের মধ্যেই রাজ্যে চালু হতে চলেছে নতুন শ্রমবিধি। সোমবার এ কথা জানান নবনিযুক্ত শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। শ্রম কেন্দ্র ও রাজ্যের অন্তর্গত। ফলে কেন্দ্র নির্দেশ জারি করলেও, প্রতিটি রাজ্যকে শ্রমের বিষয়টি নিয়ে আলাদা নিয়ম তৈরি করতে হয়। কিন্তু পূর্বতন তৃণমূল সরকারের আপত্তিতে পশ্চিমবঙ্গে এখনও সেই নিয়ম তৈরি হয়নি। ফলে চালু হয়নি শ্রমবিধিও। এ দিন অর্জুন বলেন, “চলতি মাসের মধ্যেই চারটি শ্রমবিধির নিয়ম (রুল) তৈরি করতে চাই। এর অনুমোদন পেতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছি।”

রাজ্য জুড়ে বন্ধ চা বাগান ও চটকলগুলি খোলাকেও অগ্রাধিকারের তালিকায় রেখেছেন মন্ত্রী। সোমবার বন্ধ থাকা ১৭টি চটকলের মালিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। জানান, যে তিনটি বন্ধ চটকলের মালিক অনুপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ হবে। চটশিল্পের হাল খতিয়ে দেখতে চটকল মালিকদের সংগঠন আইজেএমএ-র সঙ্গেও আলোচনা করেছেন অর্জুন। কাঁচা পাটের চড়া দাম-সহ নানা সমস্যা নিয়ে কথা হয়। চট শিল্পকে ঢেলে সাজতে সংগঠনকে পরিকল্পনা জমা দিতে বলেছেন তিনি।

পশ্চিমবঙ্গে একাধিক বন্ধ চা বাগান নিয়েও অসন্তোষ আছে বিভিন্ন মহলে। সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আজ, মঙ্গলবার বন্ধ চা বাগানের মালিকদের সঙ্গে কথা বলবেন অর্জুন। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে সুসম্পর্ক তৈরি করাকেও গুরুত্ব দিচ্ছেন মন্ত্রী। তিনি বলেন, “রাজ্যে মালিক ও শ্রমিকদের মধ্যে পরস্পরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ রয়েছে। তা দূর করতে চাই। সেটা হলে বহু শ্রমবিরোধের সমাধান অতি সহজেই হবে বলে আমার বিশ্বাস।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Tea Garden Jute Mills Arjun Singh

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy