ক্যালিফর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন বায়ুসেনার বি-৫২ বম্বার। ক্যালিফর্নিয়ার এডওয়ার্ড বায়ুসেনা ঘাঁটি থেকে উড়ানের কিছু ক্ষণের মধ্যেই ভেঙে পড়ে সেটি। বিমানটিতে সেই সময় আট জন ছিলেন। সকলেই দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন বোয়িংয়ের কর্মী ছিলেন।
দুর্ঘটনাস্থলের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে আছড়ে পড়ার পরে আগুন ধরে গিয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ার এক কুণ্ডলীতে ঢেকে যায়। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এডওয়ার্ডস বায়ুসেনা ঘাঁটি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বি-৫২ বিমানটির রুটিন পরীক্ষানিরিক্ষা চলছিল। সেই সময়েই উড়ানের কিছুক্ষণের মধ্যে বিমানটি ভেঙে পড়ে।
ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটি। ঘটনাচক্রে, এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরেই লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে খেলতে নামে ইরানের জাতীয় ফুটবল দল। সোমবার ভোরেই আমেরিকা এবং ইরান শান্তিসমঝোতায় ঐকমত্যে এসেছে। দুর্ঘটনার পরে বায়ুসেনা ঘাঁটি থেকে জানানো হয়, জরুরি পরিষেবার সঙ্গে জরুরি কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা ইতিমধ্যে সেখানে কাজ শুরু করেছেন। বায়ুসেনা ঘাঁটিটিকে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। বায়ুসেনা ঘাঁটি ঘুরে দেখার জন্য ‘ভিজ়িটর পাস’ দেওয়াও আপাতত বন্ধ রয়েছে।
আরও পড়ুন:
মার্কিন বায়ুসেনার কর্নেল জেমস হেইস বলেন, “দুর্ঘটনার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে আমরা যা দেখেছি, তাতে ওই বিমানে কারও বেঁচে থাকার কোনও সম্ভাবনা ছিল না।” উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের মে মাসে গুয়াম দ্বীপে ভেঙে পড়েছিল একটি বি-৫২ বম্বার। ওই দুর্ঘটনার সময়ে বিমানটিতে সাত জন ছিলেন। তবে সেই বার সকলেই প্রাণে বেঁচে গিয়েছিলেন।