Advertisement
E-Paper

রাস্তায় হাঁটতে বেরোনো বৃদ্ধকে পিছন থেকে মারণগুঁতো ষাঁড়ের, পাঁচ ফুট শূন্যে উঠে পড়লেন সজোরে! ভাইরাল ভিডিয়ো

রাস্তার পাশে ঘুরে বেড়ানো গরু বা ষাঁড়কে মানুষ প্রায়ই উপেক্ষা করেন। কিন্তু এই অসতর্কতা কখনও কখনও প্রাণঘাতী হতে পারে। রাজস্থানের জালোর জেলার চিতালওয়ানা এলাকার ঘটনাটিও তেমনই একটি উদাহরণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১০:৫৬
Video shows Bull hitting elderly man from behind, who died later

ছবি: এক্স থেকে নেওয়া।

বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিলেন। পিছন থেকে এসে গুঁতিয়ে দিল ষাঁড়। পাঁচ ফুট শূন্যে উঠে সজোরে নীচে পড়লেন বৃদ্ধ। মৃত্যু হল তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোর জেলায়। বাড়ির বাইরে হাঁটার সময় ওই বৃদ্ধ হঠাৎই ষাঁড়ের আক্রমণের শিকার হন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি স্তম্ভিত এবং ভীত করে তুলেছে নেটাগরিকদের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

রাস্তার পাশে ঘুরে বেড়ানো গরু বা ষাঁড়কে মানুষ প্রায়ই উপেক্ষা করেন। কিন্তু এই অসতর্কতা কখনও কখনও প্রাণঘাতী হতে পারে। রাজস্থানের জালোর জেলার চিতালওয়ানা এলাকায় ঘটা এই ঘটনাটিও তেমনই একটি উদাহরণ। জানা গিয়েছে, এক বৃদ্ধ বাড়ির বাইরে হাঁটছিলেন। ঠিক তখনই পিছন থেকে একটি ষাঁড় তাঁকে আক্রমণ করে। ষাঁড়টি এসে বৃদ্ধকে এমন জোরে ধাক্কা দেয় যে তিনি শূন্যে প্রায় পাঁচ ফুট উপরে উঠে যান। তার পর সজোরে পড়েন মাটিতে। গুরুতর আহত হন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও মাথায় এবং শরীরে গুরুতর আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডেডলি কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে বা আশ্রয়হীন পশুর কারণে সৃষ্ট বিপদ নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ষাঁড়টি যদি কারও পোষা হয় তবে মালিককে দায়ী করা উচিত, আর যদি এটি ভবঘুরে বা গৃহহীন হয় তবে প্রশাসনের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া।’’ অন্য এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে পশুরা এখন জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। সমস্যাটিকে গুরুত্ব সহকারে দেখা উচিত।’’

Viral Video Bull Rajasthan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy