Advertisement
E-Paper

ইডি দফতরে হাজিরা অভিষেকের, সিআইডি-র পর কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি, এ বার নিয়োগ দুর্নীতি মামলায়

সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১০:২৯
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে। ছবি: পিটিআই।

সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছে ইডি। বেলা ১১টা নাগাদ তাঁকে ডাকা হয়েছিল। সময়ের কিছু আগেই অভিষেক পৌঁছে যান ইডি দফতরে। প্রবেশের সময় এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

অভিষেকের হাজিরা নিয়ে সিজিও কমপ্লেক্সে সোমবার বাড়তি কোনও নিরাপত্তা নেই। কোনও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি সেখানে। অতিরিক্ত কোনও ব্যবস্থাই করা হয়নি। আগে অভিষেক সিজিও কমপ্লেক্সে এলে বাড়তি সতর্কতা থাকত গোটা চত্বরে। দফতরের ভিতরে সাংবাদিকদের প্রবেশ করতেও দেওয়া হত না। যাতায়াত নিয়ন্ত্রণ করা হত। সোমবার তেমন কোনও তৎপরতা চোখে পড়েনি।

সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার।

সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার। —নিজস্ব চিত্র।

রবিবার ভবানী ভবনের সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। বিধানসভায় সই জাল কাণ্ডে সাড়ে আট ঘণ্টা সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও ডেকেছিল সিআইডি। সূত্রের দাবি, দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখান থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে গিয়েছিলেন অভিষেক। তার পর সোমবার সকালে তিনি গেলেন ইডি দফতরে। মঙ্গলবারও অভিষেককে তলব করেছে সিআইডি। একটি মন্তব্যের প্রেক্ষিতে সল্টলেকে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে অভিষেককে বুধবার ফের জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। বিধানসভায় সই কাণ্ডে অভিষেককে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি বিচারপতি জানিয়েছিলেন, আগামী দু’সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা। তবে প্রাথমিক মামলা এবং সল্টলেকের ওই মামলায় অভিষেকের কোনও রক্ষাকবচ নেই।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত দীর্ঘ দিন ধরেই করছে ইডি। এর আগে সিবিআই-এর তদন্তে যে অডিয়ো উঠে এসেছিল, তাতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। চাকরি বিক্রি করে সেই টাকা অভিষেককে পাঠানোর কথা শোনা গিয়েছে সেই অডিয়োয়। চার্জশিটেও তা উল্লেখ করে সিবিআই। এই অডিয়োর প্রেক্ষিতে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনাও পরীক্ষা করা হয়েছিল। সিবিআই-এর চার্জশিটের সেই অডিয়োকে তদন্তের আওতায় আনতে চায় ইডি। এ ছাড়া, অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ড্‌স’-এর আর্থিক লেনদেন ইডি-র নজরে ছিল। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদও করা হতে পারে ডায়মন্ড হারবারের সাংসদকে। তা নিয়ে এর আগেও ইডি জিজ্ঞাসাবাদ করেছে অভিষেককে।

Abhishek Banerjee ED Primary Recruitment Case CGO Complex
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy