জীবজগতে মানুষকে সবচেয়ে উন্নতি প্রাণী বলা হয়ে থাকে। বলা হয়, তাঁর মস্তিষ্কের কারণে। কিন্তু সেই মানুষই অনেক সময় এমন সব কাজ করে বসে, তার মধ্যে মানবিকতার কোনও চিহ্ন থাকে না। সে কাজে ক্ষতিগ্রস্ত হয় প্রকৃতি এবং প্রকৃতির কোলে থাকা অন্যান্য প্রাণী। সম্প্রতি এমনই একটি ঘটনার কথা জানা গিয়েছে, যা দেখে নিন্দায় মুখর হয়েছে নেটপাড়া। বিষের জেরে মারা গিয়েছে বহু শকুন।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খোলা মাঠের মধ্যে পড়ে রয়েছে বহু পাখি। ক্যামেরা কাছে যেতে বোঝা যায় সেগুলি শকুন। এক মহিলাকণ্ঠকে বলতে শোনা যায়, মারা গিয়েছে। ভিডিয়োর একেবারে শেষে হালকা গোলাপি জামা এবং ঘিয়েরঙা প্যান্ট পরে এক পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়েছিলেন, মুখ দেখা যায়নি।
ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের লখিমপুর খেরি অঞ্চলের। কুকুর মারার জন্য গ্রামবাসীরা বিষ মেশানো ভাত ছড়িয়ে রেখেছিল। কুকুরগুলোর প্রাণ গিয়েছে তো বটেই। সেই মৃতদেহ খেয়ে মারা গিয়েছে ২৫টি শকুনও। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদমাধ্যম সূত্রে খবর, ছ’টি শকুনকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসার পর এর মধ্যে চারটি উড়ে যেতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন:
বর্তমান সময়ে শকুনের সংখ্যা কমে আসছে। পরিবেশে বিশেষ গুরুত্ব থাকা এই পাখিটি এখন বিলুপ্তপ্রায়। তাদের এই পরিণতির জেরে ক্ষোভে ফেটে পড়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক্সের (সাবেক টুইটার) ‘অনাথনাগরিক’ নামের হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। এই কাজ যাঁরা করেছেন, তাঁদের শনাক্ত করা গিয়েছে কি না, তা ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে তাঁদের শাস্তির দাবিতে মুখর হয়েছে নেটপাড়া।