পেপার স্প্রে-এর মতো ‘অস্ত্র’ নিয়ে সোনার দোকানে ডাকাতি করতে এসেছিলেন দুই তরুণী। লক্ষ লক্ষ টাকার গয়না লুটের সেই স্বপ্ন অধরা রয়ে গেল দুই প্রমীলা ডাকাতের। বিহারের রাজধানী পটনার দিঘা এলাকার একটি গয়নার দোকানে যা ঘটল তা বলিউড সিনেমার চেয়ে কম নয়। সেই নাটকীয় ঘটনাটি ধরা পড়েছে দোকানে থাকা সিসিটিভিতে। ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশিত হতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাধারণ ক্রেতা সেজে দোকানে এসে কেনাকাটার ভান করতে থাকেন দুই অভিযুক্ত তরুণী। দোকানদার যখন গয়না দেখাতে ব্যস্ত ছিলন তখন তাঁদের মধ্যে এক জন হঠাৎ তাঁর পকেট থেকে পেপার স্প্রে বার করে ফেলেন। সরাসরি দোকানির মুখে স্প্রে করতে শুরু করেন। আর এখানেই ঘটনাটি একটি নতুন মোড় নেয়। দোকানদার সাহস হারাননি। চোখে স্প্রের জ্বলুনি সত্ত্বেও তিনি দোকান থেকে দৌড়ে বেরিয়ে এসে দরজা খুলে বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনকে ডাকতে থাকেন। মুহূর্তের মধ্যেই সেখানে ভিড় জমে যায়। তরুণীরা ভেবেছিলেন পেপার স্প্রে-এর মতো হাতিয়ারের সাহায্যে তাঁরা সহজেই গয়না হাতিয়ে নিয়ে পালিয়ে যাবেন। শেষ পর্যন্ত তাঁদের পরিকল্পনা ভেস্তে যায়। ডাকাতি করতে এসে নিজেরাই দোকানের ভেতরে আটকা পড়েন।
पटना वाले दुकानदार की फुर्ती देखकर चोरनियाँ भी सोच रही होंगी— भाई, ये स्क्रिप्ट में नहीं था! 😅🚔 pic.twitter.com/SQv8C6WCOy
— Arun Yadav Kosli (@ArunKosli) June 13, 2026
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘অরুণকোসিল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই বহু মানুষ তা দেখেছেন। ভিডিয়োটি ভাইরাল হওয়া মাত্রই মজার মজার প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। এক নেটাগরিক ব্যঙ্গের সুরে লিখেছেন, ‘‘চোখের পলকে চুরি করে ফেলল। কিন্তু শেষটা জমল না।’’ ভিডিয়োটি দেখে অন্য এক নেটাগরিক লিখেছেন ‘‘পটনার দোকানদারের ক্ষিপ্রতা দেখে মহিলা চোরেরা নিশ্চয়ই ভাবছেন, এটা তো তাঁদের পরিকল্পনায় ছিল না।’’