Advertisement
E-Paper

হিন্দি তো বটেই, অনর্গল কথা বলেন ইংরেজি, স্পেনীয়, জার্মান ভাষায়! তরুণ রিকশাচালকের ভিডিয়োয় মুগ্ধ নেটপাড়া

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণ রিকশাচালক ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিচ্ছেন। এর পর লালকেল্লার সামনে কয়েক জন পর্যটকের সঙ্গে কথা বলেন তিনি। স্পেনীয় এবং জার্মান ভাষায় পর্যটকদের স্বাগত জানান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৩:১১
Video shows rickshaw puller from Delhi speaking foreign language fluently

ছবি: ইনস্টাগ্রাম।

দিল্লির অলিগলিতে রিকশা চালান। কিন্তু মুখে হিন্দি, ইংরেজি থেকে স্পেনীয়, জার্মান— সব ভাষা রয়েছে। বিদেশি নাগরিকদের সঙ্গে তাঁদের ভাষাতেই কথা বলে চমকে দেন তিনি। তেমনই এক রিকশাচালকের ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োগুলি। যদিও সে সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির ওই রিকশাচালকের নাম আসলম। চাঁদনি চকের অলিগলিতে রিকশা চালান তিনি। একাধিক ভাষার উপর দখলের কারণে সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। এমনকি তাঁকে দেখে অবাক হচ্ছেন বিদেশি পর্যটকেরাও। বিভিন্ন ভিডিয়োই বিদেশি পর্যটকদের সঙ্গে হিন্দি, ইংরেজি এবং স্পেনীয় ভাষায় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে আসলমকে। তাঁদের সঙ্গে জার্মান ভাষাতেও কথা বলেন তিনি। সেই ভিডিয়োগুলিই প্রকাশ্যে এসেছে। ভিডিয়ো দেখার পর মানুষ তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণ ওই রিকশাচালক ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিচ্ছেন। এর পর লালকেল্লার সামনে কয়েক জন পর্যটকের সঙ্গে কথা বলেন তিনি। স্পেনীয় এবং জার্মান ভাষায় পর্যটকদের স্বাগত জানান। বিদেশি অতিথিরাও হাসিমুখে অভিবাদন জানান। তাঁদের সঙ্গে মাঝে ইংরেজিতেও কথা বলেন তরুণ রিকশাচালক।

ভাইরাল ভিডিয়োগুলি পোস্ট করা হয়েছে আসলমেরই ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘আসলামরিকশাওয়ালা’ থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োগুলি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োগুলি দেখে তরুণ রিকশাচালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক আসলমের একটি ভিডিয়ো দেখে মন্তব্য করেছেন, ‘‘ইনি এক জন শিক্ষিত রিকশাচালক। বিভিন্ন ভাষার উপর তাঁর দখল সত্যিই চমৎকার।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এক জন রিকশাচালককে এত ভাল ইংরেজি বলতে দেখাটা সত্যিই বিস্ময়কর। আমার চেয়েও ভালো ইংরেজি বলেন।’’

উল্লেখ্যস, আসলাম সমাজমাধ্যমে বেশ সক্রিয় এবং তাঁর ৯২,৭০০ ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে। প্রায়ই বিদেশি পর্যটকদের সঙ্গে কথোপকথনের ভিডিয়ো শেয়ার করেন তিনি।

Viral Video languages Rickshaw Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy