Advertisement
E-Paper

বালোচিস্তানে পাকিস্তানি সেনার অভিযানে নিহত ৯২ জঙ্গি! দাবি, হামলার নির্দেশ এসেছে ‘দেশের বাইরে থেকে’, ভারতকেও বার্তা?

পাকিস্তানের সেনাবাহিনীর তরফে বালোচিস্তানে অভিযান প্রসঙ্গে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানেই শনিবার মোট ৯২ জন জঙ্গির মৃত্যুর কথা বলা হয়েছে। সঙ্গে ভারতের দিকেও আঙুল তুলেছে পাক সেনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৮
বালোচিস্তানে পাকিস্তানি সেনা জওয়ানদের অভিযান।

বালোচিস্তানে পাকিস্তানি সেনা জওয়ানদের অভিযান। —ফাইল চিত্র।

পাকিস্তানের বালোচিস্তান ফের অশান্ত। গত কয়েক দিনে সেখানকার অন্তত ১২টি জায়গায় জঙ্গি হামলা হয়েছে। তার বিরুদ্ধে পাকিস্তানি সেনা শনিবার একটি অভিযান চালায়। দাবি, তাতে নিহত হয়েছে অন্তত ৯২ জন জঙ্গি। তবে এখানেও ভারতকে দুষেছে ইসলামাবাদ। অভিযোগ, ভারত থেকে ওই জঙ্গিদের নিয়ন্ত্রণ করা হচ্ছিল। সেই নির্দেশে বালোচিস্তানে হামলা চালিয়েছিল জঙ্গিরা। যদিও এই দাবির পক্ষে পাকিস্তান কোনও প্রমাণ দেখাতে পারেনি। ভারত সরকার এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর রিপোর্ট অনুযায়ী, দেশের সেনাবাহিনীর তরফে বালোচিস্তানে অভিযান প্রসঙ্গে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বালোচ প্রদেশের অন্তত ১২টি শহরে পাক সেনা অভিযানে ৯২ জন জঙ্গির মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন ১৫ জন পাকিস্তানি জওয়ানও। এ ছাড়া, জঙ্গি হামলায় অন্তত ১৮ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। বিবৃতিতে দাবি, বালোচ জঙ্গিদের এই হামলার নেপথ্যে ছিল ‘ভারতের মদতপুষ্ট গোষ্ঠী’ এবং তারা বালোচিস্তানের শান্তি বিঘ্নিত করতে চায়। গত কয়েক দিনে কোয়েটা, মাসটাং, নুশকি, খারান, টাম্প, পাঞ্জগু, গদর, পাসনির মতো জায়গায় হামলা চালানো হয়েছে।

পাক সেনার বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বিদেশি নিয়ন্ত্রণকারীদের নির্দেশে এই কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে বালোচিস্তানের মানুষের জীবনযাত্রা ও উন্নয়নকে ব্যাহত করতে।’’ জঙ্গিরা মহিলা, শিশু ও বৃদ্ধদেরও রেয়াত করেনি বলে অভিযোগ। বিবৃতিতে দাবি, ‘‘ভারতের মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে বালোচিস্তানের বিভিন্ন এলাকায় শুদ্ধিকরণ অভিযান চলছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, এই সমস্ত হামলার পরিকল্পনা করা এবং নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের বাইরে থেকে। জঙ্গিদের সঙ্গে দেশের বাইরে থেকে সরাসরি যোগাযোগ করা হয়েছে। হামলা চলাকালীনও কথাবার্তা চলেছে।’’

এর আগে শুক্রবারও বালোচিস্তানের বিভিন্ন এলাকায় ৪১ জন জঙ্গির মৃত্যুর কথা জানিয়েছিল পাক সেনা। সবমিলিয়ে সেনা অভিযানে নিহত জঙ্গির সংখ্যা দাঁড়াল ১৩৩। এর আগেও পাকিস্তান তাদের দেশের অভ্যন্তরে একাধিক জঙ্গি হামলার জন্য ভারতের দিকে আঙুল তুলেছিল। ভারত বরাবর সেই দাবি অস্বীকার করেছে। পাকিস্তানও কোনও প্রমাণ দেখাতে পারেনি।

Balochistan Pakistan Shehbaz Sharif Pakistan Army
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy