Advertisement
E-Paper

আবারও আলো জ্বলে উঠল অশোকনগরের ওএনজিসি প্রকল্প কেন্দ্রে

২০১৮ সালে অশোকনগরের এই কেন্দ্রে প্রথমবারের মতো খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি নিশ্চিত করে ওএনজিসি। তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর উপস্থিতিতে পরীক্ষামূলকভাবে উত্তোলিত তেল পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ০২:৪৮
ওএনজিসি প্রকল্প কেন্দ্র।

ওএনজিসি প্রকল্প কেন্দ্র। — নিজস্ব চিত্র।

ফের আলো জ্বলে উঠল অশোকনগরের ওএনজিসি প্রকল্প কেন্দ্রে। দীর্ঘ কয়েক বছরের অপেক্ষা ও অনিশ্চয়তার পরে ফের অশোকনগরের বাইগাছি ওএনজিসি প্রকল্প এলাকা দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন। এক সময়ে যেখানে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মেলায় আনন্দিত হয়েছিল জেলাবাসী, পরবর্তী পরিস্থিতিতে ক্রমে অন্ধকার ও পরিত্যক্ত অবস্থা হয়ে উঠতে দেখা যায় ওএনজিসি কেন্দ্রটিকে। রাজ্যে পালা বাদলের পরে আবারও কেন্দ্র গুলিতে প্রস্তুতি মূলক কাজ শুরু হয়েছে। ওএনজিসি কর্মীদের আনাগোনা ও কাজের কারণে এলাকার পরিস্থিতি যেন বদলাতে শুরু করেছে। শুরু হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও অত্যাধুনিক যানের মাধ্যমে ওএনজিসি কেন্দ্রের কাজ। ফলে নতুন করে আশার আলো দেখছেন অশোকনগর ও আশে পাশের এলাকার বাসিন্দারা। ২০১৮ সালে অশোকনগরের এই কেন্দ্রে প্রথমবারের মতো খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি নিশ্চিত করে ওএনজিসি। তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর উপস্থিতিতে পরীক্ষামূলকভাবে উত্তোলিত তেল পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। সেই সময়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেলেও পরবর্তীকালে প্রকল্পের কাজ কার্যত থমকে যায়। ধীরে ধীরে কমতে থাকে কর্মব্যস্ততা, নিভে যায় ওই কেন্দ্রের আলো। নিরাপত্তারক্ষীদের নজরদারিতে দীর্ঘদিন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল প্রকল্পের এলাকা। অশোকনগরে আরও বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে ওএনজিসির। তার অধিকাংশই দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বাইগাছি ওএনজিসি কেন্দ্র চত্বরের চারপাশে কয়েক কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই নির্মিত হয়েছে উঁচু নিরাপত্তা প্রাচীর। ওএনজিসি সূত্রের খবর, জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজে গতি আনতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আলোচনা এগিয়েছে। বুধ বার প্রকল্পের দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, পুনরায় কাজ শুরু হয়েছে এবং ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হচ্ছে। যদিও বাণিজ্যিকভাবে তেল বা গ্যাস উত্তোলন কবে থেকে শুরু হবে, সেই সংক্রান্ত নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি। তবে প্রয়োজনীয় ছাড়পত্র মিললেই উত্তোলন শুরু হবে।

ONGC Fuel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy