দ্বিতীয় হুগলি সেতু। —ফাইল চিত্র।
রক্ষণাবেক্ষণ এবং কেবল তার লাগানোর জন্য গত কয়েক মাসে সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। আগামী রবিবার, ৮ ফেব্রুয়ারিও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে এই গুরুত্বপূর্ণ সেতু দিয়ে। শুক্রবার এই মর্মে নির্দেশিকা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।
কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সেতু মেরামতের কাজ হবে। বিয়ারিং-সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। নিরাপত্তার স্বার্থে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। সেতু বন্ধ থাকার সময় বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন৷
দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার সময় বিকল্প কোন পথে গাড়ি যাতায়াত করবে, তারও হদিস দেওয়া হয়েছে।
১) জ়িরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
২) সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে ওই সমস্ত গা়ড়ি হাওড়া ব্রিজ ধরতে পারবে। হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়া যাবে।
৩) জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
৪) সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে।
৫) কেপি রোডের সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেটের দিকে। সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যাবে।
দ্বিতীয় হুগলি সেতু হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি)-এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থাটির প্রতিষ্ঠা হয় ১৯৬৯ সালে। হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণই এদের দায়িত্ব।