চলছে শুভেন্দু মন্ত্রিসভার প্রথম বৈঠক। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ মোট ছয় মন্ত্রী। ছবি: সংগৃহীত।
সোমবার বেলা ১২টায় শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। পাশাপাশি প্রথম দিনেই তিনটি প্রশাসনিক বৈঠকও রয়েছে তাঁর। এ ছাড়া বিকেল ৪টেয় নবান্নেই বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে পর পর তিনটি বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে প্রথমে একটি পর্যালোচনা বৈঠক করবেন তিনি। এর পরে দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। তার পরে বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে শুভেন্দুর। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জ়োনের উচ্চপদস্থ আধিকারিকেরা।
নবান্নে গার্ড অফ অনার দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে নবান্নে স্বাগত জানান মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং পুলিশ-প্রশাসনের অন্য আধিকারিকেরা।
সল্টলেকের বিজেপি কার্যালয় থেকে নবান্নে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে সেখানে ‘গার্ড অফ অনার’ দেওয়া হবে।
সল্টলেকের বিজেপি দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “সরকার সরকারের মতো চলবে। দলের সঙ্কল্পপত্র যাতে রূপায়িত হয়, তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ থাকবে। এই সরকার বিজেপি সরকার হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে।”