শুধু ফোন দেখার কারণে নয়, চোখে জ্বালা-চুলকানি আর যে যে কারণে হচ্ছে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
চোখে জ্বালা বা চুলকানি হলেই সবচেয়ে আগে মুঠোফোন বা ল্যাপটপের স্ক্রিনকেই দায়ী করা হয়। দিনভর মোবাইল ঘাঁটাঘাঁটি করলে চোখের সমস্যা যে হবে, তাতে কোনও সন্দেহই নেই। তবে ইদানীং চোখের নানা অসুখবিসুখ বাড়ছে। এর জন্য শুধু ‘স্ক্রিন টাইম’ দায়ী নয়। অন্য কয়েকটি কারণও আছে। গরমের সময়ে এই অস্বস্তি আরও বেড়ে গিয়েছে। চোখ ফুলে যাওয়া, জ্বালা করা বা অনবরত জল পড়তে থাকার সমস্যা দেখা দিচ্ছে। চিকিৎসকেরা বলছেন, চোখের এমন সমস্যার ৫টি গুরুতর কারণ থাকতে পারে।
অ্যালার্জিক কনজাঙ্কটিভাইটিস
ঋতু বদলের সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে আসা পরাগরেণু বা ধূলিকণার পরিমাণ বাড়ে। গরমের সময়ে তা আরও বেশি হয়। এর সঙ্গে যানবাহনের ধোঁয়া, দূষিত গ্যাস তো রয়েছেই। এই সব কিছুর কারণেও কারণেও কনজাঙ্কটিভাইটিস হতে পারে। তা ছাড়া কোনও সুগন্ধি, প্রসাধন সামগ্রী বা চোখের ড্রপে থাকা কোনও পদার্থের কারণেও দেখা দিতে পারে অ্যালার্জি। চোখ লাল হয়ে যায়, ফুলে যায়, চোখ থেকে অনবরত জল পড়ে। যদি এই অস্বস্তি কাটানোর জন্য চোখ কচলাতে থাকেন কেউ, তা হলে কিন্তু সমস্যা বাড়তেই থাকে। চোখের বড় কোনও ক্ষতি হওয়ার আশঙ্কাও বেড়ে যায়।
ভাইরাস ও ব্যাক্টেরিয়া
চোখে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া বা স্ট্যাফিলোকক্কাস অরিয়াসের মতো জীবাণু বাসা বাঁধলে তা থেকে অ্যালার্জি হতে পারে। আবার অ্যাডিনোভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) কিংবা ভেরিসেলা-জোস্টার ভাইরাস (ভিজেডভি)-এর সংক্রমণের কারণেও চোখের নানা সমস্যা হতে পারে। এর থেকেও চোখে চুলকানি, জল পড়া, চোখে ব্যথা হতে পারে।
কনট্যাক্ট লেন্সের ব্যবহার
নির্ধারিত সময়ের চেয়ে বেশি ক্ষণ লেন্স পরে থাকা, লেন্স পরে ঘুমিয়ে পড়া কিংবা মেয়াদ উত্তীর্ণ সলিউশন ব্যবহার করলে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে চোখে জীবাণু সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। কনট্যাক্ট লেন্স নিয়ম না মেনে ব্যবহার করলে জায়ান্ট প্যাপিলারি কনজাঙ্কটিভাইটিসের আশঙ্কা বাড়বে।
মেকআপ থেকে
সাজসজ্জায় চোখের মেকআপ সব সময়েই গুরুত্বপূর্ণ। শুধু কাজল, আইলাইনার নয়, চোখের খুঁত ঢেকে টানা টানা দেখানোর জন্য দরকার হয় মাস্কারা, আইশ্যাডো, নকল আইল্যাশ, গ্লিটার-সহ হরেক জিনিসের। এই সব প্রসাধনী থেকেও চোখের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে গরমের সময়ে মেকআপ গলে চোখে ঢুকে যায় অনেক সময়ে, তা ছাড়া চোখের মেকআপ ঠিকমতো না তুলে ঘুমিয়ে পড়লে, তা থেকেও মারাত্মক সংক্রমণ হতে পারে। রোজ কাজল পরলেও তা ঠিকমতো তুলে পরিষ্কার করতে হবে চোখ, না হলে জ্বালা বা চুলকানির সমস্যা বাড়বে।
ঘরের ভিতরের পরিবেশ
ঘরের ভিতরের বাতাসের গুণমানও কারণ হতে পারে। এসির ফিল্টার পরিষ্কার না থাকলে বা সেন্ট্রাল হিটিং সিস্টেম থাকলে, তা বাতাসের আর্দ্রতা শুষে নেয়। এর থেকেও চোখের সমস্যা হতে পারে। দূষণ কেবল বাইরে নয়, ঘরের ভিতরেও আছে। তাই সম্ভব হলে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন। উপকার পাবেন।