Arms Recovery

লালগড়ে মাটি খুঁড়তেই উঠে এল বন্দুক! চাষের জমিতে ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে শোরগোল, কৌতূহল

পুলিশ গিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিয়ে গিয়েছে। তারা জানাচ্ছে, উদ্ধার হওয়া বন্দুকগুলো অনেক পুরনো। তার পর মাটির তলায় ছিল বলে বন্দুকের কাঠের কিছুটা অংশ নষ্ট হয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৮
Arms Recovery

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র। —নিজস্ব ছবি।

ষের কাজে মাটি খননের সময় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। রবিবার দুপুরে লালগড় থানার বৈতা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। তিনটি বন্দুক উদ্ধার ঘিরে শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। এগুলো জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপের ‘নিদর্শন’ কি না, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।

Advertisement

রবিবার দুপুরে বৈতা গ্রাম পঞ্চায়েতের হিরুড়ী মৌজার বাগানবুড়ি নামে একটি পতিত জমি খোঁড়া হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, চাষের কাজের জন্য কোদাল দিয়ে খনন চলছিল। খানিকটা মাটি কাটার পর ভারী কিছুতে ঠোক্কর খায় কোদাল। আরও কিছুটা খুঁড়তে প্লাস্টিক মোড়া অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র দেখতে পান কৃষকেরা। সঙ্গে সঙ্গে শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। খবর যায় লালগড় থানায়।

পুলিশ গিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিয়ে গিয়েছে। তারা জানাচ্ছে, উদ্ধার হওয়া বন্দুকগুলো অনেক পুরনো। তার পর মাটির তলায় ছিল বলে বন্দুকের কাঠের কিছুটা অংশ নষ্ট হয়ে গিয়েছে। লোহার অংশে মরচে ধরে অকেজো হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে এ-ও জানা যাচ্ছে, তিনটি আগ্নেয়াস্ত্রই দুই নলা বন্দুক। কোথা থেকে সেগুলো এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অন্য দিকে, গ্রামবাসীদের দাবি, মাওবাদী কার্যকলাপের সময় আগ্নেয়াস্ত্র, গুলি ইত্যাদি এ ভাবেই লুকিয়ে রাখা হত। এগুলোও তাদের কাজ হতে পারে। যদিও এ নিয়ে এখনই কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ পুলিশ।

Advertisement
আরও পড়ুন