সস্ত্রীক বাড়ি ফিরতেই দিলীপ ঘোষকে ঘিরে উচ্ছ্বাস ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়না গ্রামে। — নিজস্ব চিত্র।
মন্ত্রী হয়েছেন গ্রামের ছেলে, সস্ত্রীক বাড়ি ফিরতেই দিলীপ ঘোষকে ঘিরে উচ্ছ্বাস ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়না গ্রামে। এর আগেও তিনি বাড়ি এসেছেন। তবে এবারের যাত্রাটা একেবারেই আলাদা। গ্রামে ঢোকার আগেই ডিজে বাজিয়ে মোটরবাইক মিছিল করে তাঁকে নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। গ্রাম জুড়ে বিতরণ করা হয় গুড় বেসনের লাড্ডু। রাজ্যের নতুন সরকার গঠনের পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ বিকাশ ও কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন কুলিয়ানা গ্রামের ছেলে দিলীপ ঘোষ। তাই মন্ত্রী দিলীপকে স্বাগত জানাতে এই আয়োজন কুলিয়ানা গ্রামের বাসিন্দাদের।
রবিবার দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার কুলিয়ানা গ্রামে পৌঁছোতেই গ্রামবাসীরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে ও শঙ্খ বাজিয়ে তাঁদের স্বাগত জানান। গ্রামে পৌঁছে প্রথমে এলাকার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক পুজো দেন দিলীপ। তার পর তাঁর বাড়ির সামনের একটি শিব মন্দিরের পুজো দেন। শিব মন্দিরের পাশেই গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের বিজেপি নেতা অণুরন সেনাপতি এবং কুলিয়ানা গ্রামবাসীদের উদ্যোগে দিলীপ ঘোষকে সংবর্ধনা জানানো হয়। দিলীপকে সংবর্ধনা জানাতে লম্বা লাইন পড়ে গিয়েছিল। কেউ আবার দিলীপের হাতে তুলে দেন গাছের পাকা আম।
দিলীপকে স্বাগত ও সংবর্ধনা দিতে হাজির হওয়া ব্যক্তিদের জন্য দিলীপের বাড়ির উঠোনে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছিল।
কুলিয়ানা গ্রামের দু'টি বুথেই বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি। তাই মঞ্চে বক্তব্য পেশের সময় গ্রামবাসীদের ধন্যবাদ জানান দিলীপ। তিনি বলেন, “আর পাঁচটা বাড়ির ছেলের মতোই তোমাদেরই মধ্যে এক জন। গ্রামের ছেলে। সকালে উঠে মুড়ি বা পান্তা ভাত খাওয়া ছেলে আমি। মন্ত্রী হয়েছি তাতে কী, আপনাদের মাঝে থেকেই কাজ করব।”