Nadia Incident

গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা, পালাতে গিয়ে বিপদ বাড়ল চার বন্ধুর! শেষে নাকাশিপাড়া থানায় গিয়ে মিলল রেহাই

বৃহস্পতিবার সন্ধ্যায় তিন বন্ধুকে নিয়ে গাড়ি করে দেবগ্রামে গিয়েছিলেন বেথুয়াডহরির খিদিরপুরের বাসিন্দা সায়ন মণ্ডল। বাড়ি ফেরার সময় বিপদে পড়েন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১২:২৮
Villagers chase four young men on suspicion of child abduction in Nadia

ছবি: এআই সহায়তায় প্রণীত।

জাতীয় সড়কের উপর গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা। কোনও মতে দুষ্কৃতীদের কবল থেকে পালাতে পারেন চার বন্ধু। কিন্তু কাছাকাছি গ্রামে ঢুকতেই তাঁদের ছেলেধরা সন্দেহে তাড়া করেন গ্রামবাসীরা। শেষপর্যন্ত থানায় ঢুকে রক্ষা পেলেন ওই চার বন্ধু। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তিন বন্ধুকে নিয়ে গাড়ি করে দেবগ্রামে গিয়েছিলেন বেথুয়াডহরির খিদিরপুরের বাসিন্দা সায়ন মণ্ডল। বাড়ি ফেরার সময় নাকাশিপাড়া থানার নাগাদি এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে আচমকা তাঁদের গাড়ি থামানোর চেষ্টা করেন কয়েক জন। কিন্তু না-থামিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই গাড়িতে হাঁসুয়ার কোপ মারে দুষ্কৃতীরা।

তার পরে কোনও ক্রমে গাড়িতে চেপে দুষ্কৃতীদের নাগাল এড়িয়ে চার বন্ধু পালাতে সক্ষম হন। গ্রামের মধ্যে দিয়ে পালানোর সময় গ্রামবাসীরা তাঁদের ছেলেধরা বলে সন্দেহ করেন। রটে যায় গুজব। তার পরেই বাইকে করে কয়েক জন ওই গাড়ি তাড়া করেন। নাকাশিপাড়া টোল প্লাজ়ার কাছে বসে কয়েক জন যুবক আড্ডা মারছিলেন। দ্রুত গতিতে গাড়ি এবং সেটা ধাওয়া করে বাইক আসতে ওই যুবকেরাও পিছু নেন।

শেষ পর্যন্ত সকলের নাগাল এড়িয়ে গাড়ি নিয়ে সায়নেরা সোজা চলে যান নাকাশিপাড়া থানায়। পুলিশকে জানান গোটা ঘটনা। ধাওয়া করে আসা যুবকেরা থানায় এসে আসল ঘটনা জানতে পারেন। তবে পুলিশ জাতীয় সড়কের কাছে টহল দিয়েও দুষ্কৃতীদের হদিস পায়নি। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, দিন কয়েক ধরে সমাজমাধ্যমে ছেলেধরার গুজব ছড়ায়। আর সেই গুজবের শিকার হলেন চার বন্ধু।

Advertisement
আরও পড়ুন