Malda Crime Case

মালদহে কোটি টাকার মাদক, পিস্তল, চোরাই বাইক উদ্ধার! পৃথক অভিযানে গ্রেফতার ৫, বাংলাদেশ-যোগের সন্দেহ

ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সোমবারই মালদহ জেলা আদালতে হাজির করানো হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৫:৪৮
Malda Crime Case

মালদহে অভিযুক্তদের কাছ থেকে পাওয়া গিয়েছে সেভেন এমএম পিস্তল। —নিজস্ব চিত্র।

মালদহে পৃথক অভিযানে কোটি টাকার মাদক, একাধিক আগ্নেয়াস্ত্র এবং চোরাই বাইক উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মোট পাঁচ জনকে। অপরাধের ঘটনায় বাংলাদেশের যোগসূত্র থাকতে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের ইমাম জায়গীরের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় গোপন ডেরায় হানা দিয়েছিল পুলিশ। সেখানে তিন কেজিরও বেশি মাদক তৈরির কাঁচামাল এবং ৩২৭ গ্রাম তৈরি হওয়া ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। ওই এলাকারই একটি বাড়িতে মাদকের সঙ্গেই লুকোনো হয়েছিল আগ্নেয়াস্ত এবং কার্তুজ। তল্লাশি চালিয়ে দু’টি সেভেন এমএম পিস্তল, দু’টি ম্যাগাজ়িন এবং চার রাউন্ড কার্তুজ পায় পুলিশ। বাড়িমালিক শাহাদাত শেখ এবং তাঁর সঙ্গী ইব্রাহিম শেখকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সোমবারই মালদহ জেলা আদালতে হাজির করানো হচ্ছে। মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ বলেন, ‘‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ওই দু’জনকে। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। কোথা থেকে ওই মাদক এবং অস্ত্র আনা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মাদকের কারবারে প্রচুর নগদ লেনদেনের সুরক্ষার কারণেই সম্ভবত আগ্নেয়াস্ত্র মজুত করেছিল ওই চক্র।’’

অন্য দিকে, রবিবার রাতে চোরাই মোটরবাইক চক্রের খোঁজে ইংরেজবাজারে রাজ্য সড়কের ধারে একটি ধাবার কাছে অভিযান চালিয়েছিল পুলিশ। সেখানে রাজিকুল ইসলাম ওরফে সাহিল, তৌফিক সেখ এবং আমিন শেখ নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তেরা পালানোর চেষ্টা করেছিলেন। তাঁদের ধাওয়া করে পাকড়াও করেছে পুলিশ।

অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া দু’টি বাইকই চুরি করে আনা। পুলিশ জানিয়েছে, একটি বাইক বিহার থেকে চুরি করে আনা হয়েছিল। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে তিন-চারটি বাইক চুরি করে ইতিমধ্যে বিক্রিও করেছেন তাঁরা। ওই চক্রের সঙ্গে বাংলাদেশি দুষ্কৃতীদের কোনও যোগসাজশ রয়েছে কি না তা-ও খতিয়ে রাখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বাইকচক্রের তিন জনকেও হেফাজতে নেবে পুলিশ।

Advertisement
আরও পড়ুন