Malda Nursing Home Controversy

চাকরির নাম করে বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, বিতর্কে মালদহের নার্সিংহোম

সোমবার দলবদ্ধ ভাবে ওই চাকরিপ্রার্থীরা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে তাঁদের না-চেনার ভান করেন কর্তৃপক্ষ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০২
Malda Nursing Home Controversy

নথিপত্র, প্রমাণ-সহ পথে ‘প্রতারিত’ যুবতীরা। —নিজস্ব ছবি।

নবনির্মিত নার্সিংহোমে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ মালদহে। প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক-যুবতীকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে বলে দাবি। তদন্তে পুলিশ।

Advertisement

সম্প্রতি জাতীয় সড়কের পাশে মালদহ মিশন হাসপাতাল নামে একটি নার্সিংহোম তৈরি হয়েছে। গত বছরের জানুয়ারি থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ কর্মখালির বিজ্ঞাপন দেন। সমাজমাধ্যমে বিজ্ঞাপন দেখে প্রচুর ছেলেমেয়ে যোগাযোগ করেন। ওই বেকার যুবক-যুবতীদের দাবি, নার্সিংহোমের বিভিন্ন পদে কাজ রয়েছে বলা হয়েছিল। শুধু মালদহ নয়, আশপাশের জেলাগুলি থেকেও অনেকে চাকরির জন্য যোগাযোগ করেন।

পরে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে প্রশিক্ষণের নামে টাকা নেওয়া হয়। বিভিন্ন পদে প্রশিক্ষণের খরচও বিভিন্ন। কারও কাছে ৫ হাজার, তো কারও কাছে ১৮-২০ হাজার টাকা নেওয়া হয়েছে। এ ভাবে সাড়ে চার হাজার যুবক-যুবতীর কাছ থেকে টাকা তোলা হয়। বস্তুত, যাঁরাই আবেদন করেছেন, তাঁদের সকলকেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। নার্সিং, গ্রুপ ডি, টেকনিশিয়ন, রক্ষী-সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে বলে প্রথমে ইউনিফর্ম এবং পরে ট্রেনিংয়ের নাম করে টাকা নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, জলদি কাজে যোগ দিতে চাইলে আলাদা করে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।

তার পর বছর গড়িয়েছে। কিন্তু কারও চাকরি হয়নি।

সোমবার দলবদ্ধ ভাবে ওই চাকরিপ্রার্থীরা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে তাঁদের না-চেনার ভান করেন কর্তৃপক্ষ। কাউকে কাউকে হুমকি দেওয়া হয়েছে। প্রতারিত চাকরিপ্রার্থীরা কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে তাঁদের অভিযোগপত্র নেওয়া হয়নি বলে অভিযোগ। শেষপর্যন্ত জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তাঁরা। নামপ্রকাশে অনিচ্ছুক জেলাপুলিশের এক কর্তা জানান, বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে। নার্সিংহোম কর্তৃপক্ষের কেউ প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

Advertisement
আরও পড়ুন