গাড়ি থেকে নগদ অর্থ উদ্ধার আলিপুরদুয়ারে। —নিজস্ব ছবি।
ভিন্রাজ্য থেকে আসা গাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার! গাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় নগদ অর্থ রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলায়।
বুধবার দুপুরে আলিপুরদুয়ার থানার পুলিশ খবর পায়, শহরের চৌপতি সংলগ্ন এলাকায় একটি হোটেলে এক দম্পতি রয়েছেন। তাঁদের কাছে বিপুল নাগাদ টাকা রয়েছে। জানা যায়, অসমের চিরাং-এর এক দম্পতি মঙ্গলবার হোটেলে উঠেছিলেন। বুধবার তাঁরা হোটেল থেকে নিজেদের গাড়ি নিয়ে বার হয়েছিলেন। খবর পেয়ে তার কিছু ক্ষণের মধ্যে গাড়িটি আটকান পুলিশের দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা। তল্লাশি চালিয়ে নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
যে গাড়ি থেকে বিপুল অঙ্কের অর্থ উদ্ধার হয়েছে, তাতে অসমের নম্বরপ্লেট রয়েছে। গাড়িমালিক দাবি করেছেন, তিনি অসমের ব্যবসায়ী। পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, মঙ্গলবার চিরাং থেকে আলিপুরদুয়ার বেড়াতে এসেছিলেন। কিন্তু নির্বাচনের আবহে এত নগদ উদ্ধারের ঘটনা গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁরা জানাচ্ছেন, এখনও অর্থের উৎস সম্পর্কিত সদুত্তর পাননি দম্পতির কাছ থেকে।
আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্সের সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, ‘‘এখন ভোটের হাওয়া। ব্যবসায়ীরা প্রায়শই কয়েক লক্ষ টাকা লেনদেন করে থাকেন। কিন্তু নগদ টাকা নিয়ে যাতায়াত করলে যথোপযুক্ত প্রমাণ সঙ্গে রাখতে হবে। এ ক্ষেত্রে ওই ব্যক্তি যদি ব্যবসায়ী হন, তা হলে টাকার উৎস প্রমাণ দিলেই তিনি টাকা ফেরত পেয়ে যাবেন।’’
যদিও ওই দম্পতির গাড়িতে যে ভাবে টাকা লুকোনো ছিল, তা সন্দেহজনক বলে মনে করছে পলিশ। উদ্ধার হওয়া টাকা গাড়ির বনেটে রেখে গোনা হয়। পুলিশ জানিয়েছে, টাকার উৎস জানার চেষ্টা চলছে। যদি অবৈধ টাকা নির্বাচনে ব্যবহারের উদ্দেশে আনা হয়ে থাকে, সে ব্যাপারে পদক্ষেপ করা হবে।