Kalbaishakhi in West Bengal

ওড়িশা সংলগ্ন উপকূলে মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া! মঙ্গলে দক্ষিণবঙ্গ জুড়ে ফের কালবৈশাখী, কী হবে কলকাতায়

উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার কারণে সমুদ্র উত্তাল হয়ে পড়ার সম্ভাবনা। তাই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৯:৪৯
ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় সমুদ্রে সতর্কতা জারি করা হয়েছে।

ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় সমুদ্রে সতর্কতা জারি করা হয়েছে। —ফাইল চিত্র।

মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে ফের কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ঝড় হবে কলকাতাতেও। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবল মঙ্গলবারই। ওই দিন শহরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এ ছাড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টি বেশি হবে। এই চার জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।

উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া বইছে। তার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। কখনও কখনও দমকা হাওয়ার বেগ পৌঁছে যাচ্ছে ৬০ কিলোমিটারেও। এতে সাময়িক ভাবে সমুদ্র উত্তাল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার তাই সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।

উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ চলবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ঝড়বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে পারদ চড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম।

Advertisement
আরও পড়ুন