WBCS Officer's Posting opportunity

৫ বছর পূর্ণ করলেই এসডিএম, এসডিও পদে পোস্টিংয়ের সুযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বিজ্ঞপ্তি জারি নবান্নের

বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে ডব্লিউবিসিএস (এগ্‌জ়িকিউটিভ) আধিকারিকদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বা সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) পদে নিয়োগের ক্ষেত্রে নতুন বিধান কার্যকর করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৪
Posting opportunity for SDM/SDO post after completion of five years, notification issued by state government after CM Mamata Banerjee\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s announcement

বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়ম কার্যকর করার কথা জানানো হয়েছে। —ফাইল চিত্র।

মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সিলমোহর পড়ার পর সাংবাদিক বৈঠক করে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার নবান্নের তরফে কর্মী বিনিয়োগ ও প্রশাসনিক দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্তকে কার্যকর করার কথা জানিয়ে দেওয়া হল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এগ্‌জ়িকিউটিভ) অফিসারদের পদোন্নতি সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ সংশোধন আনল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে ডব্লিউবিসিএস (এগ্‌জ়িকিউটিভ) আধিকারিকদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বা সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) পদে নিয়োগের ক্ষেত্রে নতুন বিধান কার্যকর করা হচ্ছে।

Advertisement

কর্মিবিনিয়োগ ও প্রশাসনিক দফতরের ডব্লিউবিসিএস সেল থেকে জারি হওয়া এই বিজ্ঞপ্তি অনুযায়ী, সংবিধানের ৩০৯ অনুচ্ছেদ বর্ণিত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এই সংশোধনী অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারির জারি করা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজ়িকিউটিভ) অফিসার্স (পে) রুলস, ২০২১-এ এই পরিবর্তন আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, কোনও ডব্লিউবিসিএস (এগজ়িকিউটিভ) অফিসার টানা পাঁচ বছর সন্তোষজনক ভাবে কাজ করলে, তাঁকে এসডিএম বা এসডিও পদে পোস্টিংয়ের জন্য বিবেচনা করা যেতে পারে। এই পাঁচ বছরের মধ্যে ‘প্রবেশন পিরিয়ড’ এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) বা সমমানের পদে কর্মরত থাকার সময়কালও গণ্য হবে।

তবে এই পদোন্নতি সম্পূর্ণ ভাবে রাজ্য সরকারের প্রয়োজন এবং সংশ্লিষ্ট শূন্যপদের উপর নির্ভর করবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ, পাঁচ বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয় ভাবে এসডিএম বা এসডিও পদে নিয়োগ মিলবে না, বরং প্রয়োজন অনুসারে সরকার সিদ্ধান্ত নেবে।

রাজ্যপালের আদেশক্রমে এই বিজ্ঞপ্তি জারি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব। প্রশাসনিক মহলে মনে করা হচ্ছে, এই সংশোধনের ফলে তরুণ উপযুক্ত ডব্লিউবিসিএস আধিকারিকদের উচ্চতর দায়িত্বপূর্ণ পদে উন্নীত করার পথ আরও সুগম হতে পারে।

তবে ডব্লিউবিসিএস আধিকারিকদের একাংশের মতে, এই দাবি ডব্লিউবিসিএস আধিকারিকদের দীর্ঘদিনের। ভোটের আগে সেই দাবি মেনে নিয়ে আসলে ওই পর্যায়ের আধিকারিকদের মন পাওয়ার চেষ্টা করল রাজ্য সরকার।

Advertisement
আরও পড়ুন