Prasanna Roy

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জোড়া মামলায় জামিন ‘এজেন্ট’ প্রসন্নের! জেলমুক্তির পরে মানতে হবে শর্ত

২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে জেলে রয়েছেন প্রসন্ন রায়। শুক্রবার জোড়া মামলায় জামিন পাওয়ায় তাঁর জেলমুক্তি হবে বলে জানাচ্ছেন আইনজীবীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৯:২৬
Prasanna Roy got bail in Calcutta High Court over recruitment case

জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রসন্ন রায়। —ফাইল চিত্র।

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে জামিন পেলেন অন্যতম ‘এজেন্ট বা মিডলম্যান’ প্রসন্ন রায়। ইডির দু’টি মামলায় শর্তসাপেক্ষে জামিন পান তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে জেলে রয়েছেন প্রসন্ন। শুক্রবার জোড়া মামলায় জামিন পাওয়ায় তাঁর জেলমুক্তি হবে বলে জানাচ্ছেন আইনজীবীরা।

Advertisement

এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে জামিন দিয়ে শর্তও দিয়েছে কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত রায় ঘোষণা করে জানান, ১ লক্ষ টাকার বন্ডে জামিন পাবেন প্রসন্ন। প্রতি সপ্তাহে তাঁকে এক বার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিংহের ‘ঘনিষ্ঠ’। এক জন ‘মিডলম্যান’। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে জানা গিয়েছিল সিবিআই সূত্রে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলার তদন্তে নেমে প্রসন্নের নাম পেয়েছিল সিবিআই। প্রসন্নকে এর পরে গ্রেফতার করে সিবিআই। তবে গ্রেফতার করা হলেও প্রসন্নের বিরুদ্ধে বিচার শুরু হয়নি। চার্জশিট দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তার প্রেক্ষিতে কোনও পদক্ষেপ না করায় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রসন্ন। বেশ কিছু শর্ত দিয়ে সিবিআইয়ের মামলায় তাঁকে জামিন দেয় শীর্ষ আদালত। পরে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করে ইডি।

ইডি এবং সিবিআই সূত্রে জানা গিয়েছিল, নামে-বেনামে কমপক্ষে ৮০টির উপর সংস্থা রয়েছে প্রসন্নের। এ ছাড়া তাঁর স্ত্রী এবং নিজের নামে রয়েছে বিপুল সম্পত্তি। তার কিছু রয়েছে বিধাননগর, নিউ টাউনে বাকি শহরের অন্যান্য জায়গায়।

Advertisement
আরও পড়ুন