কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? —ফাইল চিত্র।
রাজ্যে এখনই থামছে না হালকা বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় কালবৈশাখী হতে পারে। তবে বুধবারের পর থেকে বৃষ্টি কমবে। যদিও উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই চলবে ঝড়বৃষ্টি। কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
সোমবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় হবে না। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে কিছু জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া হইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়ায় ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার বা তার বেশি হতে পারে। এই জেলাগুলির দু’-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা।
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সপ্তাহ জুড়ে চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তবে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার হেরফের হচ্ছে না।
হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সেখানে মঙ্গলবারও আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কয়েক পশলা বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বিহার থেকে একটি অক্ষরেখা ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সে কারণে উত্তর থেকে দক্ষিণের সব জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য দিকে, পশ্চিমী ঝঞ্ঝা সিকিম এবং উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে। তার প্রভাবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা।