Bomb Threat in District Courts

‘আদালতে বোমা আছে, কিছু পরেই বিস্ফোরণ হবে’! বুধবারও হুমকি মেল গেল জেলায় জেলায়, ছড়াল আতঙ্ক

বুধবার সকালে প্রথমে বোমাতঙ্ক ছড়ায় আসানসোল জেলা ও দায়রা আদালতে। শুধু আসানসোল নয়, বীরভূমের সিউড়ি জেলা আদালতেও একই ছবি দেখা যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০০
Row over mails to the again District courts on Wednesday

পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা আদালতে বোমাতঙ্ক। —নিজস্ব চিত্র।

এক দিনের ব্যবধানে আবার বোমাতঙ্ক ছড়াল রাজ্যের বিভিন্ন আদালতে। সেই একই উপায়ে মেল পাঠিয়ে আদালতে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়! মঙ্গলবারের পর বুধবারও একই ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। বুধবারও মেলগুলি পাঠানো হয় বিভিন্ন জেলা আদালতের বিচারকদের কাছে।

Advertisement

বুধবার সকালে প্রথমে বোমাতঙ্ক ছড়ায় আসানসোল জেলা ও দায়রা আদালতে। পশ্চিম বর্ধমানের জেলা বিচারকের কাছে হুমকি মেলটি আসে। সূত্রের খবর, সেই মেলে লেখা ছিল, ‘আদালতে বোমা রাখা আছে। কিছু ক্ষণ পরেই বিস্ফোরণ হবে!’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন আসানসোল-দুর্গাপুর পুলিশের ডেপুটি কমিশনার ধ্রুব দাস।

শুধু আসানসোল নয়, বীরভূমের সিউড়ি জেলা আদালতেও একই ছবি দেখা যায়। আদালত সূত্রে জানা গিয়েছে, জেলা বিচারকের কাছে ওই হুমকিবার্তাটি পাঠানো হয়েছিল। বেলা ১২টা থেকে ওই বিচারকের এজলাসে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ওইমেল পাওয়ার পরেই আদালত চত্বরে আতঙ্ক ছড়ায়। ফাঁকা করে দেওয়া হয় এজলাস। খবর দেওয়া হয় পুলিশ এবং বম্ব স্কোয়াডে। ঘটনাস্থলে যায় ডিএসপি কুণাল চক্রবর্তীর নেতৃত্বে একটি দল। কিন্তু দুপুর দেড়টা পর্যন্ত তল্লাশি চালিয়ে আসানসোল এবং সিউড়ি জেলা আদালতে সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি।

পশ্চিমবঙ্গ ছাড়াও পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ জেলা আদালতে বোমাতঙ্ক ছড়ায় বুধবার সকালে। হুমকি মেল পাঠিয়ে দাবি করা হয়, আদালত চত্বরে আরডিএক্স রাখা আছে। মেল পাওয়ার পরেই আদালত চত্বর খালি করে দেওয়া হয়। তল্লাশি শুরু করে পুলিশ এবং বম্ব স্কোয়াড।

মঙ্গলবারও পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা আদালতে বোমা হামলার হুমকি মেল এসেছিল। কলকাতার নগর ও দায়রা আদালতেও হুমকি মেল পাঠানো হয়েছিল। একই ভাবে হুমকি-মেল ঘিরে আতঙ্ক ছড়ায় হুগলির চুঁচুড়া আদালতে। তবে দিনভর তল্লাশি চালিয়েও কোথাও সন্দেহজনক কোনও জিনিস পায়নি পুলিশ।

Advertisement
আরও পড়ুন