Suvendu Adhikari in Falta

প্রচারের শেষ দিনে ফের ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু! পুজো দিয়ে শুরু করলেন রোড শো, রাস্তায় জনতার ভিড়

মঙ্গলবার সকালে প্রথমে ফলতার একটি শিবমন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। তার পর সেখানে রোড শো করেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’ধারে বহু সাধারণ মানুষ ভিড় করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৩:০৩
মঙ্গলবার ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রোড শো।

মঙ্গলবার ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রোড শো। ছবি: সংগৃহীত।

দু’দিন পরেই ফলতার ভোট। তার আগে মঙ্গলবার ফের ফলতায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে ফলতায় রোড শো শুরু করেছেন তিনি। তার আগে সেখানে এক শিবমন্দিরে গিয়ে পুজোও দেন মুখ্যমন্ত্রী।

Advertisement

ফলতায় ভোটের প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার। এই নির্বাচনের ফলাফল রাজ্য রাজ্যনীতির সার্বিক চিত্রে বিশেষ প্রভাব ফেলবে না। কিন্তু বিজেপি যে নিজেদের আসন সংখ্যা আরও বৃদ্ধি করতে কোনও খামতি রাখতে চাইছে না, তা মুখ্যমন্ত্রীর পর পর ফলতায় প্রচার থেকেই স্পষ্ট। কয়েক দিন আগেই ফলতায় গিয়ে সভা করে এসেছেন তিনি। এ বার প্রচারের শেষ দিনেও তিনি পৌঁছে গেলেন ফলতায় ভোটের প্রচারে।

মঙ্গলবার সকালে প্রথমে ফলতার একটি শিবমন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। তার পর ফলতার বঙ্গনগর ২ পঞ্চায়েতের হাসিমনগর সংলগ্ন কালীতলা মাঠ থেকে রোড শো করেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’ধারে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। পুষ্পবৃষ্টিতে তাঁকে ফলতায় স্বাগত জানান সাধারণ জনতা। মুখ্যমন্ত্রীও কাউকে নিরাশ করছেন না। হাত নেড়ে সকলের অভ্যর্থনা গ্রহণ করছেন তিনি। মানুষের ভিড়ের জন্য মাঝে মাঝেই গতি কমে যাচ্ছে মুখ্যমন্ত্রীর রোড শোয়ের। এই রোড শোয়ের পরে নিহত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ করবেন তিনি। ২০২১ সালে নির্বাচন পরবর্তী অশান্তির সময়ে স্বপনকে খুন করা হয়েছিল বলে অভিযোগ।

বস্তুত, এই নির্বাচন পর্বে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক অজয়পাল শর্মা ‘বনাম’ তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ঠান্ডা লড়াই দেখা গিয়েছিল। ওই ঘটনা ফলতার নির্বাচনের গুরুত্বও বৃদ্ধি করেছে বলে মনে করেন অনেকে। এর আগে গত শনিবার ফলতায় গিয়ে জনসভা করেন শুভেন্দু। সেই সভা থেকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘‘ভোট শেষ হোক। ওর ব্যবস্থা করব। সেই দায়িত্ব আমার।’’

ভোট মিটে যাওয়ার পর বিরোধীরা অভিযোগ করেন, ফলতা বিধানসভার বেশ কয়েকটি বুথে সুষ্ঠু ভোট হয়নি। পরিস্থিতি পর্যালোচনা করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ২১ মে ফলতায় ভোটগ্রহণ হবে। গণনা রয়েছে ২৪ মে।

Advertisement
আরও পড়ুন