News Of The Day

বিধানসভার বাজেট অধিবেশন। ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি। বিশ্বকাপ ফুটবল। আর কী কী

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর পেশ করা বাজেট নিয়ে দু’দিনের আলোচনার সময় ধার্য করেছেন স্পিকার রথীন্দ্র বসু। আজ প্রথম পর্বের আলোচনা শুরু হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বিধানসভার বাজেট অধিবেশন চলছে। সেই পর্যায়ে এ বার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর পেশ করা বাজেট নিয়ে দু’দিনের আলোচনার সময় ধার্য করেছেন স্পিকার রথীন্দ্র বসু। আজ তাই প্রথম পর্বের আলোচনা শুরু হবে। ইতিমধ্যেই শাসকদল বিজেপি, বিরোধী দল তৃণমূল এবং কংগ্রেস, আইএসএফ এবং সিপিএম বিধায়কেরা বক্তৃতার জন্য আবেদন জানিয়েছেন। তাঁদের আবেদন মঞ্জুর হবে বলেই মনে করা হচ্ছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিরের ভারত সফরের আজ দ্বিতীয় দিন। মঙ্গলবার দিল্লিতে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেছেন তিনি। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো কয়েক দিন আগেই দাবি করেছেন, শীঘ্রই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি সম্পন্ন হতে পারে। তা হলে কি গ্রিরের এ বারের সফরেই শেষ তুলির টান দেওয়া হয়ে গেল? মার্কিন বাণিজ্য প্রতিনিধির দিল্লি সফরে অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি নিয়ে চূড়ান্ত পর্বের আলোচনা হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্বকাপে আজ তিনটি গ্রুপের ফয়সালা। তার মধ্যে রয়েছে ব্রাজিলের ‘সি’ গ্রুপও। পা একটু হড়কালেই বিপদ। ভিনিসিয়াস জুনিয়রদের ম‍্যাচ স্কটল‍্যান্ডের বিরুদ্ধে। এই গ্রুপের অন‍্য ম‍্যাচে লড়াই মরক্কো এবং হাইতির মধ্যে। দু’টি খেলাই রাত ৩:৩০ থেকে। তার আগে রয়েছে ‘বি’ গ্রুপের শেষ দু’টি ম‍্যাচ। সুইৎজারল‍্যান্ড খেলবে কানাডার সঙ্গে। বসনিয়া মুখোমুখি কাতারের। এই দু’টি ম‍্যাচ রাত ১২:৩০ থেকে। কাল ভোর ৬:৩০ থেকে রয়েছে ‘এ’ গ্রুপের চেকিয়া-মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা-দক্ষিণ কোরিয়া ম‍্যাচ। সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে।

আগামী সপ্তাহ জুড়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করেছে। অন্য দিকে, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ঝড়বৃষ্টির জন্য গোটা রাজ্যেই তাপমাত্রার হেরফের হবে না।

Advertisement
আরও পড়ুন