Bonus

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ‘অ্যাড-হক’ বোনাসের ঘোষণা করল মমতার সরকার! গত বারের চেয়ে বাড়ল বরাদ্দ এবং ঊর্ধ্বসীমা

রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই বোনাস পাবেন। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে অর্থ দফতর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৮
Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ‘অ্যাড-হক’ বোনাস ঘোষণা করল নবান্ন। গত বারের চেয়ে এ বার বেতনের ঊর্ধ্বসীমা আরও ২ হাজার টাকা বাড়িয়ে মমতা সরকার জানাল, যে সরকারি কর্মীদের বেতন ৪৬ হাজার টাকার মধ্যে, তাঁরাই চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন।

Advertisement

শুক্রবার অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের যে কর্মীরা ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম’-এর আওতাভুক্ত নন এবং ৩১ মার্চ, ২০২৬ অনুযায়ী যাঁদের সংশোধিত বেতন মাসিক ৪৬ হাজার টাকার বেশি নয়, তাঁরা মাথাপিছু ৭,৪০০ টাকা বোনাস পাবেন। নির্দিষ্ট শর্তসাপেক্ষে চুক্তিভিত্তিক কর্মী ও ছ’মাসের পরিষেবা সম্পন্ন কর্মীরাও এই বোনাস পাওয়ার যোগ্য। ২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি (বেতন এবং ভাতা পর্যালোচনা) নীতি মেনে এই বোনাস দেওয়া হবে। এর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনও ভাতা সংযুক্ত নয়।

এর ফলে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই বোনাস পাবেন। মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মীরা ইদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে এই বোনাস পেয়ে যাবেন। উল্লেখ্য, গত অর্থবর্ষে বোনাসের অঙ্ক ছিল ৬,৮০০ টাকা। যোগ্যতার সীমা ছিল ৪৪ হাজার টাকা। অর্থাৎ, চলতি অর্থবছরে ৬০০ টাকা বোনাস বাড়ল এবং বেতনসীমা বেড়েছে ২,০০০ টাকা।

বিরোধীদের দাবি, বিধানসভা ভোট সামনে বলে তড়িঘড়ি অ্যাড-হক বোনাসের এই ঘোষণা। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের কটাক্ষ, ‘‘নির্বাচন আছে বলে এ বছর এত তাড়াতাড়ি বোনাসের বিজ্ঞপ্তি! এটা দেখে আবার কিছু লোক সবুজ আবির মেখে মিছিল না-বার করে। এই বোনাস গ্ৰুপ ডি ছাড়া আর কারও পাওয়ার সম্ভাবনাও খুব কম।’’

Advertisement
আরও পড়ুন