CBI

চাইলেই তদন্ত করতে পারবে সিবিআই! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুমতি দিল রাজ্য, তৃণমূল জমানার সিদ্ধান্তে বদল

সরকারের তরফে জানানো হয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট আইনের ৬ নম্বর ধারায় পশ্চিমবঙ্গ জুড়ে তদন্ত করার ‘জেনারেল কনসেন্ট’ দেওয়া হয়েছে। ২০১৮ সালে তৎকালীন তৃণমূল সরকার রাজ্যে সিবিআই তদন্তের সার্বিক অনুমতি প্রত্যাহার করে নিয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৬:২৫
West Bengal government gave general consent to CBI to investigate the cases in state

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিমবঙ্গে কোনও তদন্ত করতে গেলে লাগত সরকারের অনুমতি। তৃণমূল জমানায় নেওয়া সেই সিদ্ধান্তে এ বার বদল করল রাজ্যের বিজেপি সরকার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সার্বিক অনুমতি দেওয়া হল। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা ‘জেনারেল কনসেন্ট’ দিল শুভেন্দু অধিকারীর সরকার।

Advertisement

সরকারের তরফে জানানো হয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট আইনের ৬ নম্বর ধারায় পশ্চিমবঙ্গ জুড়ে তদন্ত করার ‘জেনারেল কনসেন্ট’ দেওয়া হয়েছে। রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সিবিআইয়ের কোনও অনুমতি লাগবে না। তবে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পূর্ব লিখিত অনুমতির প্রয়োজন পড়বে সিবিআইয়ের।

২০১৮ সালে তৎকালীন তৃণমূল সরকার রাজ্যে সিবিআই তদন্তের সার্বিক অনুমতি প্রত্যাহার করে নিয়েছিল। এর ফলে প্রতিটি মামলার ক্ষেত্রে সিবিআইকে এখন আলাদা আলাদা ভাবে রাজ্যের অনুমতি নিতে হত। দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট আইনের ৬ নম্বর ধারা প্রয়োগ করেই সেই ঢালাও অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই একই ধারা প্রয়োগ করে এ বার সিবিআই-কে তদন্তে ঢালাও অনুমতি দেওয়া হল।

২০১৮ সালে ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করার পরেও সিবিআই একের পর এক মামলায় এফআইআর করছিল। তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। সেই মামলায় হলফনামা দিয়ে কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, রাজ্যের এ রকম সীমাহীন ক্ষমতা নেই। কোনও অভিযুক্তকে আড়াল করার জন্য বা রাজনৈতিক স্বার্থে রাজ্য এই ক্ষমতা কাজে লাগাতে পারে না। শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের প্রায় সব বিজেপি বিরোধী রাজ্যের সরকারই সিবিআই তদন্তে ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করেছে।

Advertisement
আরও পড়ুন