US-Iran Peace Talk

দ্বিতীয় দফার শান্তিবৈঠকের আগে তিন দেশে সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, উদ্দেশ্য কী

গত শনিবার যুদ্ধবিরতির শর্ত খুঁজতে ইরান এবং আমেরিকা শাহবাজ়ের মধ্যস্থতায় ইসলামাবাদে বৈঠক করলেও তা নিষ্ফল হয়েছে। এর পরে দ্বিতীয় দফার শান্তিবৈঠকের প্রস্তুতি শুরু হয়েছে। তারই মধ্যে তিন মুসলিম দেশে যাচ্ছেন শাহবাজ়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২২:০৩
Ahead of US-Iran second round peace talk Pakistan PM Shehbaz Sharif embarks on three-nation visit

শাহবাজ় শরিফ। ছবি: রয়টার্স।

ইসলামাবাদে আমেরিকা-ইরানের দ্বিতীয় দফার শান্তিবৈঠকের সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যেই বিদেশ সফরে রওনা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। বুধবার পাক বিদেশ দফতর জানিয়েছে, চার দিনের এই সফরে সৌদি আরব, কাতার এবং তুরস্কে যাবেন তিনি।

Advertisement

পাক বিদেশ দফতর জানিয়েছে, বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত শাহবাজ়ের সরকারি সফর চলবে। সৌদি আরব ও কাতারে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আর তুরস্কে আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের পার্শ্ববৈঠকে সে দেশের প্রেসিডেন্ট রিটেপ তাইপ এর্ডোগান-সহ অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করবেন শাহবাজ়। আমেরিকা ও ইরানকে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসানোর চেষ্টাও তাঁর এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে ইসলামাবাদের দাবি। ঘটনাচক্রে, বুধবারই সংবাদসংস্থা এপি জানিয়েছে, আগামী বৃহস্পতিবারই ফের এক দফা আলোচনায় বসতে পারে ওয়াশিংটন এবং তেহরান।

প্রসঙ্গত, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শাহবাজের মধ্যস্থতায় বৈঠকে বসেছিলেন আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব ছিলেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম এশিয়ার মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা প্রাক্তন উপদেষ্টা জারেড কুশনার। অন্য দিকে, ইরান পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বসেছিলেন যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনায়। কিন্তু দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনাতেও হরমুজ় প্রণালী থেকে অবরোধ তোলা, ইরানের পরমাণু কর্মসূচি, পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে দু’পক্ষের ঐকমত্য হয়নি।

Advertisement
আরও পড়ুন