Donald Trump on Iran Conflict

‘সুসংবাদ’! ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের দিনক্ষণ নিয়ে ইঙ্গিত দিলেন ট্রাম্প, কী বলল তেহরান

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌসেনার অবরোধ অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১০:০১
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

ইরানের সঙ্গে আমেরিকার দ্বিতীয় দফার বৈঠক নিয়ে ‘সুসংবাদ’ রয়েছে। এমনটাই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কবে সেই বৈঠক হতে পারে, তারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্ট পাকিস্তানের একটি সূত্রকে উদ্ধৃত করে বুধবার (আমেরিকার সময়ে) এমনটাই জানিয়েছে। তারা এ-ও দাবি করেছে, পরবর্তী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হতে পারে বৈঠক। যদিও ইরান অস্বীকার করেছে।

Advertisement

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ইরানের সঙ্গে বৈঠক নিয়ে তারা ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি একটি মেসেজ পাঠান। তাতে লেখেন, ‘‘এটা সম্ভব! ডিজেটি (ডোনাল্ড জন ট্রাম্প)।’’ যদিও ট্রাম্প জানাননি, যে তা শুক্রবারই হবে। তবে ইরানের তাসনিম নিউজ় এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানায়, ট্রাম্পের এই দাবি সর্বৈব মিথ্যা। তারা লিখেছে, ‘‘ট্রাম্প আবার মিথ্যা বলেছেন। শুক্রবার সমঝোতা বৈঠকে বসার সিদ্ধান্ত ইরান এখনও নেয়নি।’’

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌসেনার অবরোধ অব্যাহত রাখা হবে বলে মঙ্গলবার গভীর রাতে (ভারতীয় সময়) জানিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণা— ‘‘পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে আমেরিকা।’’ মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসার কথা ছিল আমেরিকা এবং ইরানের। মঙ্গলবার সকালে আমেরিকার একটি সংবাদসংস্থাকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছে তাঁর প্রতিনিধিদল। কিন্তু দুপুরে আমেরিকারই অন্য একটি সংবাদমাধ্যম দাবি করে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তাঁর দলবলের পাকিস্তান সফর পিছিয়ে গিয়েছে।

এর পরেই রাতে সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘‘যুদ্ধবিরতি নিয়ে ইরান সরকারের অন্দরে গুরুতর মতবিরোধ চলছে। সেটাই অবশ্য স্বাভাবিক। এই পরিস্থিতিতে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ আমাদের অনুরোধ করেছেন ইরানের উপর আক্রমণ স্থগিত রাখতে। যত ক্ষণ না ইরানের নেতা এবং প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে পারেন, তত ক্ষণ পর্যন্ত আমরা আক্রমণ স্থগিত রাখছি।’’

Advertisement
আরও পড়ুন