জামাতের ঠাকুরগাঁও ইউনিটের প্রধান বেলাল উদ্দিন। —ফাইল চিত্র
নির্বাচনের আগের দিন বাংলাদেশের বিমানবন্দরে আটক করা হল জামায়াতে ইসলামী (যা জামাত নামেই পরিচিত)-র এক নেতাকে। তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বেশ কিছু ক্ষণ তা নিয়ে টানাপড়েন চলে। অসুস্থ হয়ে পড়ায় ওই নেতাকে হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, জামাতের ঠাকুরগাঁও ইউনিটের প্রধান বেলাল উদ্দিন বুধবার সকালে ঢাকা থেকে সৈয়দপুর যান। তাঁর সঙ্গে ব্যাগ ছিল। ঢাকা বিমানবন্দরে প্রথমে তাঁকে আটক করা হয়। তাঁর ব্যাগ খুলে দেখা যায় তাতে প্রায় ৫০ লক্ষ টাকা রয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে বিমানে চড়ার অনুমতি দেন ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সৈয়দ বিমানবন্দরে আবার তাঁকে আটকানো হয়।
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বেলালকে ওই টাকা নিয়ে নানা প্রশ্ন করে। বেলাল জানান, তিনি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়ায় থাকেন। শিক্ষকতা করেন। ব্যাগে ৫০ লক্ষ টাকা মতো আছে বলে জানান তিনি। কোথা থেকে এত টাকা এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এমন নানা প্রশ্ন করা হয় বেলালকে। তিনি জানান, ওটা ব্যবসার টাকা! ‘প্রথম আলো’ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময়ই অসুস্থ হয়ে পড়েন বেলাল। তৎক্ষণাৎ ওই জামাত নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। টাকার উৎস কী, কোন উদ্দেশ্যে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল— তা জানার চেষ্টা চলছে। নির্বাচনের আগে এত টাকা এ ভাবে নিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। অভিযোগ, ওই টাকা ভোটের আগে বিলি করা হচ্ছে জামাতের তরফে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে দল। তাদের দাবি, মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
জামাতের প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বুধবার ‘টাকা বিলির’ অভিযোগ নিয়ে সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, ঢাকা ১৫ আসনে জামাতের বিরুদ্ধে কিছু লিফলেট বিভিন্ন এলাকায় ছড়ানো হচ্ছে। সেখানে টাকা দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যা একদমই ঠিক নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্য এমন কাজ পরিকল্পিত ভাবে করা হচ্ছে বলে জানান এহসানুল। প্রশাসন এবং কমিশনকে এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।