US-Iran Conflict

যুদ্ধ পরিস্থিতিতে কাতার থেকে থমকে আমদানি! শিল্পক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমিয়ে দিচ্ছে ভারত, দাবি রিপোর্টে

অশোধিত তেল ছাড়াও প্রাকৃতিক গ্যাস আমদানির ক্ষেত্রে পশ্চিম এশিয়ার দেশগুলির উপর নির্ভরশীল নয়াদিল্লি। দেশে মোট চাহিদার ৮০ থেকে ৮৫ শতাংশ প্রাকৃতিক গ্যাসই অন্য দেশ থেকে আমদানি করতে হয় ভারতকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৯:৩৩

—প্রতিনিধিত্বমূলক ছবি।

যুদ্ধকালীন পরিস্থিতিতে অশোধিত তেলের পাশাপাশি ভারতে প্রাকৃতিক গ্যাসের আমদানিও মার খেয়েছে। এই পরিস্থিতিতে শিল্পক্ষেত্রে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। দেশের শিল্পমহলের চারটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে সংবাদসংস্থা রয়টার্স।

Advertisement

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ইরান হামলা চালানোর পর নিরাপত্তাজনিত কারণে প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত রেখেছে কাতার। তা ছাড়া ইরানের হামলা এবং হুমকির জেরে হরমুজ় প্রণালী ধরে তেল এবং গ্যাসের ট্যাঙ্কার চলাচলও কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।

অশোধিত তেল ছাড়াও প্রাকৃতিক গ্যাস আমদানির ক্ষেত্রে পশ্চিম এশিয়ার দেশগুলির উপর নির্ভরশীল নয়াদিল্লি। দেশে মোট চাহিদার ৮০ থেকে ৮৫ শতাংশ প্রাকৃতিক গ্যাসই অন্য দেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য ভারত অনেকাংশেই কাতারের উপর নির্ভরশীল। আবার আমদানিকৃত গ্যাসের সিংহভাগ আসে হরমুজ় প্রণালী হয়েই। রয়টার্সের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘গেল’ এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন’ সোমবারই বাণিজ্যিক সংস্থাগুলিকে সরবরাহ কমানোর কথা জানিয়ে দিয়েছে। গ্রাহক সংস্থাগুলি যত পরিমাণ গ্যাসের বরাত দিয়েছিল, তার ১০ থেকে ৩০ শতাংশ কম সরবরাহ করা হচ্ছে বলে ওই সূত্রের দাবি।

Advertisement
আরও পড়ুন