Iran-US Conflict

‘সমাজমাধ্যমে অনুমতি পাওয়া যায় না, ফোন বন্ধ করুন, বিবিকে ব্লক করে নিশ্চিন্তে ঘুমোতে যান’! হরমুজ় নিয়ে ট্রাম্পকে কটাক্ষ ইরানের

ইরান পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ বলেন, ‘‘এক ঘণ্টার মধ্যে সাতটি মিথ্যা কথা বলেছেন ট্রাম্প।’’ মার্কিন প্রেসিডেন্ট যতই হুরমুজ় নিয়ে নানা দাবি করুন না কেন, এই প্রণালী যে এখনই মুক্ত হচ্ছে না।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৫৭
হরমুজ় প্রণালী। ছবি: রয়টার্স।

হরমুজ় প্রণালী। ছবি: রয়টার্স।

হরমুজ় প্রণালী পাকাপাকি ভাবে খুলে দিতে রাজি হয়েছে ইরান। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরই পাল্টা প্রতিক্রিয়া দিল তেহরান। ট্রাম্পের হরমুজ় মন্তব্যকে কটাক্ষ করেছে তারা। মার্কিন প্রেসিডেন্টকে বিঁধে দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাস থেকে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়, ‘‘হরমুজ় দিয়ে যাওয়ার অনুমতি শুধু সমাজমাধ্যমে পোস্ট করে ঘোষণা করলেই পাওয়া যায় না।’’

Advertisement

অন্য দিকে, জিম্বাবোয়েতে ইরানের দূতাবাস থেকে আরও একটি পোস্ট করা হয়। ট্রাম্পকে কটাক্ষ করে সেখানে বলা হয়, ‘‘নিজেকে এত খুশি দেখানোর চেষ্টা করবেন না। একটু তো আত্মসম্মানবোধ রাখুন। ভুলেও ভাববেন না হরমুজ় প্রণালীতে আপনাদের নিয়ম কায়েম করবেন। তা হলে আমরাও তার জন্য প্রস্তুত থাকব।’’ তার পর আরও বলা হয়, ‘‘নিজের ফোনটা বন্ধ করুন। একটু বিশ্রাম নিন। সমাজমাধ্যমে পোস্ট করা বন্ধ করুন। এক সপ্তাহের জন্য বিবি (বেঞ্জামিন নেতানিয়াহু)-কে ব্লক করে দিন। হালকা খাবার খান। আর নিশ্চিন্তে ঘুম দিন।’’

প্রসঙ্গত, শুক্রবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে, ওরা হরমুজ় খুলে দেবে। শুধু তা-ই নয়, আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প এ-ও দাবি করেন, ইরান এই প্রতিশ্রুতিও দিয়েছে যে, আগামী দিনে কোনও সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে হরমুজ়কে ঢাল হিসাবে ব্যবহার করবে না তারা। পরে আরও একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, তেহরান তাঁদের হাতে ইউরেনিয়াম তুলে দেবে। ট্রাম্পের এই ধরনের একের পর এক দাবির পাল্টা জবাব দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের সাতটি মিথ্যা তুলে ধরে তারা। ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ বলেন, ‘‘এক ঘণ্টার মধ্যে সাতটি মিথ্যা কথা বলেছেন ট্রাম্প।’’ মার্কিন প্রেসিডেন্ট যতই হুরমুজ় নিয়ে নানা দাবি করুন না কেন, এই প্রণালী যে এখনই মুক্ত হচ্ছে না, তা স্পষ্ট করেছেন কালিবাফ।

Advertisement
আরও পড়ুন