US-Iran Conflict

আমেরিকাকে ফাঁকি দিয়ে হরমুজ় প্রণালী পেরিয়ে গেল ইরান বন্দর থেকে ছাড়া দুই জাহাজ! দাবি রিপোর্টে

ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে বৈঠক ভেস্তে যাওয়ার পরে হরমুজ়ে অবরোধের ঘোষণা করেন ট্রাম্প। সোমবার থেকে সেই অবরোধ কার্যকর করেছে মার্কিন বাহিনী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২১:১০
Two ships from Iran ports cross Hormuz after US blockade

কোন কোন জাহাজ হরমুজ় প্রণালী পার করল? ছবি: সংগৃহীত।

হরমুজ় প্রণালীতে ইরানের বন্দরগুলি অবরোধ করে রেখেছে আমেরিকার নৌবাহিনী। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, ইরান থেকে কোনও জাহাজ হরমুজ় পার হতে পারবে না। পাশাপাশি, কোনও জাহাজ আসতে পারবে না ইরানের বন্দরগুলিতে। কিন্তু তার পরেও দু’টি জাহাজ আমেরিকাকে ‘ফাঁকি’ দিয়ে ইরান বন্দর থেকে ছেড়ে পেরিয়ে গেল হরমুজ়!

Advertisement

সমুদ্রে পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকা হরমুজ়ে অবরোধ শুরু করার পরেই জাহাজ দু’টি ইরান বন্দর থেকে ছেড়ে বেরিয়ে যায়। জানা গিয়েছে, প্রথম জাহাজটি লাইবেরিয়ার। বাল্ক ক্যারিয়ার ক্রিস্টিয়ানা নামে জাহাজটি ভুট্টা নিয়ে এসেছিল। ইরানের ইমাম খোমেনি বন্দরে সেই জাহাজ থেকে ভুট্টা খালি করা হয়। তার পরে সেটি ইরানের লারাক দ্বীপ পার করে।

প্রথম জাহাজটি পার হওয়ার এক ঘণ্টা পর ইরানের বুশেহর বন্দর থেকে ছাড়া দ্বিতীয় জাহাজটি আসে লারাক দ্বীপে। ওই জাহাজটি কমোরোসের। ৩১ হাজার টন মিথানলবোঝাই জাহাজটি গত ৩১ মার্চ বুশেহর বন্দর ছেড়েছিল। সোমবার রাতে (ভারতীয় সময়) সেটি লারাক দ্বীপ পার করে।

ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে বৈঠক ভেস্তে যাওয়ার পরে হরমুজ়ে অবরোধের ঘোষণা করেন ট্রাম্প। সোমবার থেকে সেই অবরোধ কার্যকর করেছে মার্কিন বাহিনী। ওই ‘অবরোধ’ কী ভাবে চলবে, তা নিয়ে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়ে দিয়েছিল, ইরানের বন্দরগুলিতে যাতায়াত করা জাহাজের উপরেই শুধু ‘অবরোধ’ কার্যকর হচ্ছে। তারা কোনও জাহাজকে ইরানের কোনও বন্দরে প্রবেশ করতে দেবে না। সেখান থেকে কোনও জাহাজকে বেরোতেও দেবে না। তবে অন্য দেশে যাতায়াতকারী জাহাজগুলিকে আমেরিকা কোনও বাধা দেবে না বলেও জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড।

Advertisement
আরও পড়ুন