US Iran Tension

ইরানে হামলার প্রথম ছয় দিনেই ১ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে আমেরিকার! সংঘর্ষে অর্থব্যয়ের হিসাব কষছে ট্রাম্পের প্রশাসন

সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় ২০০০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই ইরান এবং লেবাননের বাসিন্দা। সংঘর্ষের প্রথম দু’দিনেই আমেরিকা ৫৬০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৫০ হাজার কোটি টাকারও বেশি)-এর অস্ত্র ব্যবহার করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৫:১৫
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে কত খরচ হয়েছে, এ বার সেই হিসাবনিকাশ করতে শুরু করেছে আমেরিকা। সংঘর্ষের প্রথম ছ’দিনেই আমেরিকার খরচ হয়ে গিয়েছে অন্তত ১১৩০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি)। সূত্র মারফত এমনটাই জানাচ্ছে রয়টার্স।

Advertisement

গত মঙ্গলবার সেনেটরদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তাতে সংঘর্ষের সম্পূর্ণ খরচের কথা উল্লেখ ছিল না। যুদ্ধ পরিস্থিতিতে কত কী খরচ হচ্ছে, তা জানানোর জন্য গত কয়েক দিন ধরেই চাপ তৈরি হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপরে। এরই মধ্যে মঙ্গলবারের রুদ্ধদ্বার বৈঠকে খরচ সংক্রান্ত এই প্রাথমিক তথ্য তুলে ধরে হোয়াইট হাউস।

রয়টার্সের ওই প্রতিবেদনে জানানো হচ্ছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে অতিরিক্ত অর্থের জন্য শীঘ্রই একটি তহবিল গড়ার জন্য মার্কিন কংগ্রেসে আবেদন জানাতে পারে ট্রাম্পের প্রশাসন। কংগ্রেসের কেউ কেউ অনুমান করছেন, প্রায় ৫০০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকারও বেশি)-এর তহবিলের আবেদন জানাতে পারে হোয়াইট হাউস। আবার অনেকের মতে, এই তহবিলের পরিমাণ আরও বেশি হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল এক সঙ্গে ইরানে হামলা শুরু করে। সেই যুদ্ধ পরিস্থিতি এখনও চলছে। দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় ২০০০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই ইরান এবং লেবাননের বাসিন্দা। রয়টার্স সূত্রে খবর, সংঘর্ষের প্রথম দু’দিনেই আমেরিকা ৫৬০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৫০ হাজার কোটি টাকারও বেশি)-এর অস্ত্র ব্যবহার করেছে।

পশ্চিম এশিয়ার যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ কম নয়। এখনও পর্যন্ত ছ’জন মার্কিন সেনার মৃত্যুর কথা হোয়াইট হাউস নিশ্চিত করেছে। তা ছাড়া, যুদ্ধে উপসাগরীয় অঞ্চলে অন্তত ১৭টি সামরিক বা অসামরিক মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিহ্নিত করেছে নিউ ইয়র্ক টাইম্‌স।

Advertisement
আরও পড়ুন