US-Iran Conflict

হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প

গত ৭ এপ্রিল আমেরিকা ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়। তার পর থেকে দু’দেশকেই তেমন বড় কোনও সংঘর্ষে জড়াতে দেখা যায়নি। তবে হরমুজ়ে যে নতুন করে সংঘর্ষ বাধল, তা চিন্তার ভাঁজ ফেলেছে বিশ্ব কূটনৈতিক মহলের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১১:২৪
US, Iran exchange fire in Strait of Hormuz

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

হরমুজ় প্রণালীর কাছে গুলি চলল! আমেরিকা এবং ইরান, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে। প্রশ্ন উঠছে, তবে কি সংঘর্ষবিরতিতে ইতি পড়ল? আবার আমেরিকা এবং ইরান সংঘর্ষে জড়াবে? এই আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে। তাঁর কথায়, ‘‘ইরান যদি শীঘ্রই কোনও চুক্তি না-করে, তবে তাদের উপর হামলা আরও তীব্র হবে!’’

Advertisement

গত ৭ এপ্রিল দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়। তার পর থেকে দু’দেশকেই তেমন বড় কোনও সংঘর্ষে জড়াতে দেখা যায়নি। তবে হরমুজ়ে যে নতুন করে সংঘর্ষ বাধল, তা চিন্তার ভাঁজ ফেলেছে বিশ্ব কূটনৈতিক মহলে। বৃহস্পতিবার (স্থানীয় সময়) মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ় প্রণালীর সংলগ্ন ইরানি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তাদের অভিযোগ, হরমুজ় প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলির উপর হামলা চালানোর জন্যই ইরান ওই ঘাঁটি তৈরি করেছিল। এই হামলাকে আত্মরক্ষামূলক বলেও দাবি আমেরিকার। তবে এ-ও দাবি করেছে, মার্কিন বাহিনী প্রথমে হামলা চালায়নি। ইরানের হামলার পাল্টা জবাব দিয়েছে তারা।

অন্য দিকে, ইরানের দাবি, বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে আমেরিকা। তাদের ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি তেহরানের। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, আমেরিকার হামলা প্রতিহত করার জন্য তেহরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করেছে।

এই ঘটনার পর ইরানকে সরাসরি অভিযুক্ত করে হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানি হামলাকারীদের ধ্বংস করেছে। পাশাপাশি তাঁর হুমকি, তেহরান যদি শীঘ্রই কোনও চুক্তি করতে রাজি না-হয় তবে তাদের বিরুদ্ধে হামলা আরও জোরালো হবে। এ-ও জানান, এখনও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। আমেরিকার সঙ্গে ইরান ‘খেলছে’, এমন অভিযোগও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

হরমুজ়ে গোলাগুলির পরেও ইরান, আমেরিকা— দু’দেশই ইঙ্গিত দিয়েছে তারা কোনও বৃহত্তর সংঘাতে জড়াতে চাইছে না। ইরান কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

হরমুজ় প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার থেকে বিশেষ অভিযান ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’ শুরু করে মার্কিন সেনা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তথা পেন্টাগনের প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, হরমুজ় প্রণালীতে কোনও বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হলে ইরানকে ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হবে। আর তার পরেই নতুন করে উত্তেজনা ছড়াল হরমুজ়ে।

Advertisement
আরও পড়ুন