—প্রতিনিধিত্বমূলক ছবি।
দেখলে মনে হবে কোনও ব্যক্তির আসল ভিডিয়ো। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের (আই৪সি) সতর্কবার্তা, কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সেগুলি বানিয়ে কোনও গ্রাহকের নামে যেমন ভুয়ো অ্যাকাউন্ট খোলা হচ্ছে, তেমনই অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েও ফেলছে সাইবার প্রতারকেরা। দেশ জুড়ে সাইবার অপরাধ বাড়তে থাকায় সব রাজ্যে আই৪সি খোলার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যম অ্যাপে, চাকরি দেওয়ার ছুতোয়, ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। মূলত শিকারের সঙ্গে ভিডিয়ো কলের মাধ্যমে যোগাযোগ করছেন প্রতারকেরা। লক্ষ্য, ভিডিয়ো মারফত সেই ব্যক্তির মুখের বৈশিষ্ট্য সংগ্রহ। সেই কারণে ভিডিয়ো কলের সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্ক্রিনের দিকে কখনও দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে বলা হচ্ছে, কখনও ডান বা বাম দিকে ঘাড় ঘোরাতে বলা হচ্ছে। আবার কখনও বলা হচ্ছে চোখের পাতা ফেলার জন্য। যাতে তাঁর মুখের যাবতীয় বৈশিষ্ট্য ভিডিয়ো কলের অন্য প্রান্তে থাকা প্রতারকেরা প্রযুক্তির মাধ্যমে রেকর্ড করে নিতে পারেন।
গোয়েন্দারা জানাচ্ছেন, শিকারের ভিডিয়ো হাতে পেয়ে গেলে এআই দিয়ে তাঁর সিন্থেটিক আইডেন্টিটি বা কৃত্রিম পরিচয় তৈরি করা হচ্ছে। যে সব আর্থিক প্রতিষ্ঠান ওয়েবসাইটে এই ধরনের নকল ভিডিয়ো চিহ্নিতকরণ প্রযুক্তি ব্যবহার করেন না, তাদের ক্ষেত্রে ওই ভিডিয়ো ব্যবহার করে কারচুপি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কোনও ব্যক্তির ওই পরিচয়কে কাজে লাগিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে আর্থিক লেনদেন করছেন প্রতারকেরা। এতে অনেক সময় নিরীহ ব্যক্তি ধরা পড়ছেন। মূল অপরাধীরা আড়ালেই থাকছেন।
এই রকম জালিয়াতি রুখতে তাই ব্যাঙ্কগুলিকে এআই দিয়ে তৈরি ভিডিয়ো চিহ্নিতকরণের প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছে আই৪সি। গ্রাহকদের সমস্ত বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত (লক করে) রাখতে বলেছে। সাবধান থাকতে বলেছে, কোন আইডি থেকে ই-মেল আসছে বা কোন লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে, সে ব্যাপারে। আই৪সি-র বার্তা, সাইবার অপরাধের শিকার হলে তৎক্ষণাৎ সাইবার ক্রাইম.গভ.ইন ওয়েবসাইটে অভিযোগ নথিবদ্ধ করতে হবে। আচমকা কারও মোবাইলের নেটওয়ার্ক চলে গেলে দ্রুত যোগাযোগ করতে হবে পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে। অপরাধীরা কারও নকল বা ক্লোন করা মোবাইল সিম ব্যবহার করছেন কি না, আগে নিশ্চিত হতে হবে সেই ব্যাপারে।
পশ্চিমবঙ্গ-সহ দেশের ১০টি রাজ্যে এখন এস৪সি হয়েছে। কেন্দ্রের নির্দেশ, বাকি সব রাজ্যএ দ্রুত তা গড়ে ফেলতে হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে