Online Food Price Hike

‘প্ল্যাটফর্ম ফি’ বৃদ্ধিতে লাফিয়ে বাড়ল দাম, ইরান যুদ্ধের জেরে কতটা মহার্ঘ হচ্ছে জনপ্রিয় অনলাইন সংস্থার খাবার?

ইরান যুদ্ধের জেরে অপরিশোধিত খনিজ তেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির আঁচ এ বার পড়ল ভারতের জনপ্রিয় অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার গায়ে। পরিবর্তিত পরিস্থিতিতে ‘প্ল্যাটফর্ম ফি’ বৃদ্ধি করেছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৭:৫৪
Share:

—প্রতীকী ছবি।

ইরান যুদ্ধের জেরে ঊর্ধ্বমুখী পেট্রোপণ্য। চড়া দামে বিকোচ্ছে রান্নার গ্যাস। এই আবহে ‘প্ল্যাটফর্ম ফি’ বৃদ্ধি করল একটি জনপ্রিয় অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা। সাড়ে ১২ টাকা থেকে বাড়িয়ে সেটা ১৪ টাকা ৯০ পয়সা করেছে তারা। এর জেরে বেশ দামি হচ্ছে অনলাইন খাবার। সংস্থা সূত্রে খবর, এখন থেকে অর্ডারপ্রতি ১৯.২ শতাংশ বেশি টাকা দিতে হবে গ্রাহককে।

Advertisement

গত বছরের (পড়ুন ২০২৫ সাল) সেপ্টেম্বরে শেষ বার ‘প্ল্যাটফর্ম ফি’ বাড়িয়েছিল ওই খাবার সরবরাহকারী কোম্পানি। তাদের প্রতিদ্বন্দ্বী সংস্থাটি বর্তমানে অর্ডারপ্রতি ১৪.৯৯ টাকা ‘প্ল্যাটফর্ম ফি’ নিচ্ছে। সাধারণত এই ধরনের চার্জের ক্ষেত্রে উভয় সংস্থাই একই রকমের মূল্য নির্ধারণের নিয়ম অনুসরণ করে থাকে।

সাম্প্রতিক সময়ে ভারতের খাবার সরবরাহকারী সংস্থাগুলি বেশ প্রতিযোগিতার মধ্যে রয়েছে বললে অত্যুক্তি হবে না। এত দিন পর্যন্ত এই ব্যবসার যাবতীয় নিয়ন্ত্রণ ছিল দু’টি কোম্পানির হাতে। কিন্তু কিছু দিন আগে অনলাইন খাবারের দুনিয়ায় পা রাখে নতুন একটি সংস্থা। বর্তমানে শুধুমাত্র বেঙ্গালুরু শহরে পরিষেবা দিচ্ছে তারা। তবে গ্রাহক পেতে ব্যবসায় নেমেই একটি বিশেষ ঘোষণা করেছে ওই কোম্পানি। আর সেটা হল, ডেলিভারি ফি ছাড়া গ্রাহক বা রেস্তরাঁর থেকে অতিরিক্তি টাকা নেবে না তারা।

Advertisement

নতুন সংস্থাটির এই ঘোষণা পুরনো অনলাইন খাবার সরবরাহকারী কোম্পানি দু’টির উপর চাপ তৈরি করবে বলে মনে হচ্ছিল। আর্থিক বিশ্লেষকদের দাবি, তাতে আখেরে লাভ হল গ্রাহকের। কিন্তু, তার মধ্যেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ বেধে যাওয়ায় আমূল বদলায় পরিস্থিতি। ফলে প্রতিযোগিতা সত্ত্বেও ফি বাড়াতে একরকম বাধ্য হয়েছে এ দেশের একটি অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা। বাকিদেরও একই রাস্তা নেওয়ার আশঙ্কা প্রবল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement