— প্রতীকী চিত্র।
পশ্চিম এশিয়ার যুদ্ধ-সহ বিভিন্ন ভূ-রাজনৈতিক উত্তেজনা যখন বিশ্ব জুড়ে রফতানির বাজারকে ক্রমশ ছোট করছে, তখন ভারত ও ব্রিটেন পরস্পরের দেশে বিক্রিবাটা আরও বাড়ানোয় জোর দিচ্ছে। বাড়াতে চাইছে লগ্নিও। লক্ষ্য পূরণের সম্ভাব্য পথ নিয়ে শুক্রবার ‘ভার্চুয়াল’ বৈঠক হয় কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এবং সে দেশের ব্যবসা এবং বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী পিটার কাইল-এর।
পরে সমাজমাধ্যমে গয়াল জানান, ‘‘বাণিজ্য এবং লগ্নি সংক্রান্ত জোট আরও পোক্ত করতে আমরা নানা রকম পথের কথা ভেবেছি। দু’দেশের মধ্যেকার আর্থিক এবং বাণিজ্য সংক্রান্ত চুক্তি ‘সিটা’-র আওতায় থাকা সমস্ত সুযোগ পুরোপুরি খুলে দেওয়া নিয়েও আলোচনা হয়েছে।’’
ভারত ও ব্রিটেনের মধ্যে ‘সিটা’ সই হয়েছিল গত বছর ২৪ জুলাই। তার আওতায় ভারতের ৯৯% রফতানি পণ্য ব্রিটেনের বাজারে প্রবেশ করবে বিনা শুল্কে। আর ভারতে আমদানি হওয়া গাড়ি ও হুইস্কির মতো ব্রিটিশ সামগ্রীতে কমবে শুল্ক। গয়াল জানান, চুক্তির সুবিধা ব্যবহার করে বাণিজ্য এবং লগ্নি বাড়াতে চান তাঁরা। তথ্যপ্রযুক্তি, আর্থিক এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভারতীয় পেশাদারদের জন্য সে দেশে ২০ হাজার কাজের ভিসা এবং ভারতের পক্ষ থেকে ব্রিটিশ ম্যানেজারদের জন্য সহজ নিয়মাবলি নিয়েও কথা হয়েছে। লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ৫৬০০ কোটি ডলারের বাণিজ্যকে দ্বিগুণ করা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে