—প্রতিনিধিত্বমূলক চিত্র।
পতন অব্যাহত শেয়ার বাজার, টাকার দরে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে পশ্চিম এশিয়ায় যুদ্ধের শেষ হওয়া নিয়ে মিশ্র বার্তা আসা, হরমুজ় প্রণালীতে বেশ কয়েকটি জাহাজে ইরানের আক্রমণের মতো নানা কারণে বৃহস্পতিবারও পড়ল সেনসেক্স ও নিফ্টি। দিনের শেষে সূচক দু’টি থামল যথাক্রমে ৭৬,০৩৪.৪২ এবং ২৩,৬৩৯.১৫ অঙ্কে। বুধবারের থেকে পতন যথাক্রমে ৮২৯.২৯ এবং ২২৭.৭০ পয়েন্ট। দিনের শুরুতে ৯৯২ পয়েন্ট নেমে গিয়েছিল সেনসেক্স। পরে তা কিছুটা ঘুরে দাঁড়ায়। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত বিএসই-র লগ্নিকারীরা হারিয়েছেন ২৩.৪৪ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ।এই ক’দিনে সেনসেক্স পড়েছে ৫২৫২.৭৭ পয়েন্ট।
আজ ডলারের সাপেক্ষে নতুন তলানির মুখ দেখেছে টাকার দরও। দিনের মাঝে এক সময়ে ডলার উঠেছিল ৯২.৩৬ টাকায়। পরে কিছুটা ঘুরে দাঁড়ায় টাকার দাম। শেষ পর্যন্ত প্রতি ডলার হয়েছে ৯২.২৫ টাকা। সেটাও বুধবারের থেকে ২৪ পয়সা কম। এর আগে কখনও এতটা নীচে নামেনি ভারতীয় মুদ্রাটি।
বাজার বিশেষজ্ঞদের মতে, ইরান হরমুজ় প্রণালী পুরো বন্ধের হুমকি দিয়ে রেখেছিল কয়েক দিন আগে থেকেই। সেই অনুসারেই ওই অঞ্চল দিয়ে যাতায়াত করতে যাওয়া জাহাজে হামলা চালিয়েছে তারা। এই কারণে বৃহস্পতিবার ফের বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। ফলে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করতে শুরু করে বিদেশি আর্থিক সংস্থা-সহ লগ্নিকারীরা। তার উপরে বিশ্ব বাজারে দুর্বলতা, দেশে গ্যাসের আকাল, মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তার জেরও পড়েছেসূচক ও টাকায়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে